শিরোনাম
Passenger Voice | ১১:১৫ এএম, ২০২৫-১২-১৬
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে জাতি আজ দিনটি উদযাপন করবে।
জাতীয় পর্যায়ে বিজয় দিবস উদযাপনের জন্য নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। তারপর সকাল সাড়ে ৬টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরা, মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এদিকে দিনটির সার্বিক নিরাপত্তায় রাজধানীসহ সারা দেশে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত রাত থেকেই রাজধানীর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।
র্যাব সদর দপ্তর জানিয়েছে, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে র্যাব বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। বিজয় দিবস উপলক্ষে ইতোমধ্যে জারি করা সব ধরনের আইনশৃঙ্খলাবিষয়ক নির্দেশ বাস্তবায়নে র্যাব ফোর্সেস কাজ করছে।
বিজয় দিবসের অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান আজ সকালে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ।
দিবসটির তাৎপর্য তুলে ধরে গণমাধ্যমগুলো বিশেষ আয়োজন রেখেছে। বিশেষ করে দেশভাগের পর ১৯৪৮ সাল থেকে ৫২-এর ভাষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা, ৬৯-এর গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চ কালরাত্রির গণহত্যা, পরদিন ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহিদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে মহান বিজয় অর্জনের কথা তুলে ধরবে গণমাধ্যমগুলো।
এদিকে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করার লক্ষ্যে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপসহ বাহারি রঙের ফুলগাছ এবং রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ও স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পোশাকের পাশাপাশি সাদাপোশাকেও থাকবে গোয়েন্দা নজরদারি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত