রেলের পূর্বাঞ্চলে অভিযান জোরদার,এক দিনে জরিমানা ৬ লাখ

Passenger Voice    |    ১২:১৮ পিএম, ২০২৫-১২-১৪


রেলের পূর্বাঞ্চলে অভিযান জোরদার,এক দিনে জরিমানা ৬ লাখ

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ ঠেকাতে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে অভিযান জোরদার করা হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) পূর্বাঞ্চলে অভিযান চালিয়ে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ১ লাখ ৬৮ হাজার ৬৮৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া টিকিটে নির্ধারিত গন্তব্যের অতিরিক্ত ভ্রমণের দায়ে ৪ লাখ ২৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।

রেলের পূর্বাঞ্চল জোন জানিয়েছে, শনিবার সব মিলিয়ে ৬ লাখ ১২ হাজার ৯৮৫ টাকা আয় করেছে রেল কর্তৃপক্ষ। পূর্বাঞ্চলের ৭৭টি ট্রেনে ১০২ জন টিকিট নিরীক্ষক (টিটিই) এ অভিযানে নেতৃত্ব দেন। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় তাদের সহযোগিতা করেন।

রেলওয়ে জানিয়েছে, শনিবার পূর্বাঞ্চল রুটে ২ হাজার ৭২৭ জন যাত্রী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করছিলেন। এদিন ৩ হাজার ১২টি টিকিট নিরীক্ষা করে দেখা যায়, ওই টিকিটের যাত্রীরা একটি গন্তব্যের ভাড়া পরিশোধ করে অতিরিক্ত পথ ভ্রমণ করছিলেন। 

রেলের নিয়ম অনুযায়ী, একটি টিকিটে সর্বোচ্চ চারটি আসন থাকে এবং চারজন যাত্রী ভ্রমণ করতে পারেন। শনিবার ঠিক কতজন যাত্রী অতিরিক্ত পথ ভ্রমণ করছিলেন সে তথ্য প্রকাশ করেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

 

 

প্যা.ভ.ম