শিরোনাম
Passenger Voice | ১১:৫৬ এএম, ২০২৫-১২-১৪
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় শেরপুর ও ময়মনসিংহের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। শনিবার বিকালে ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থাতেই মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, যেটি তার মাথায় লাগে। বর্তমানে হাদি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ‘আশঙ্কাজনক’ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী বিভিন্ন যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই টহল ও চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বিক নজরদারি জোরদার, সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ, অনুপ্রবেশ প্রতিরোধ এবং নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করা হয়েছে।
পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের সহযোগিতার মাধ্যমেও নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বিষয়ে সংবাদকর্মীদের কাছে সহযোগিতা কামনা করেছে বিজিবি কর্তৃপক্ষ।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সাংবঅীদকদের বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত