অ্যাম্বুলেন্সসহ আধুনিক সরঞ্জামে সমৃদ্ধ হচ্ছে ঢাবির মেডিকেল সেন্টার

Passenger Voice    |    ০৪:২০ পিএম, ২০২৫-১২-০২


অ্যাম্বুলেন্সসহ আধুনিক সরঞ্জামে সমৃদ্ধ হচ্ছে ঢাবির মেডিকেল সেন্টার

অ্যাম্বুলেন্স, এক্সরে, ইসিজি থেকে শুরু করে আধুনিক বিভিন্ন চিকিৎসা সরঞ্জামে সমৃদ্ধ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার। প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার চলমান আধুনিকায়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে মেডিকেল সেন্টার পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ এবং প্রধান মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তানভীর আলী।

এসময় তার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দারসহ বিভিন্ন হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় এরইমধ্যে একটি আধুনিক অ্যাম্বুলেন্স, ১০টি এয়ার কন্ডিশনার, এক্সরে মেশিন, ইসিজি মেশিন, অ্যানালাইজার, মাইক্রোস্কোপ, হাসপাতাল বেড, আলমিরা, চেয়ার-ডেস্কসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র দেওয়া হয়েছে। মেডিকেল সেন্টারের নিচতলায় ইমার্জেন্সি ইউনিট স্থাপন সম্পন্ন হয়েছে। বাকি সংস্কার কাজ দ্রুত দৃশ্যমান হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে রোটারি ক্লাব অব গুলশান টাইগার্সের পক্ষ থেকে মেডিকেল সেন্টারে একটি আরও ওয়াটার ফিল্টার হস্তান্তর করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান নাজমুল করিম ফিল্টারটি প্রধান মেডিকেল অফিসারের কাছে তুলে দেন। ঘণ্টায় ২০০ জিপিডি বিশুদ্ধ পানি সরবরাহক্ষম এই ফিল্টার সেবাগ্রহীতাদের উপকারে আসবে।

পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারের আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন সরঞ্জাম, অ্যাম্বুলেন্স ও ইমার্জেন্সি ইউনিট যুক্ত হওয়ায় সেবার মান আরও উন্নত হবে।