শিরোনাম
Passenger Voice | ১২:৪৮ পিএম, ২০২৫-১১-২০
বিদেশগামী যাত্রীদের সুবিধার্থে বিমানের টিকিট কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুসারে এখন থেকে বাংলাদেশে কার্যরত সব এয়ারলাইন্সের টিকিট আন্তর্জাতিক কার্ড ব্যবহার করেই কেনা যাবে।
বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা জারি করেছে। প্রতিযোগিতামূলক দাম নিশ্চিত করা এবং যাত্রীদের ঝামেলাহীন সেবা দেওয়ার লক্ষ্যেই এই নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক কার্ড শুধু বিদেশ যাওয়ার ক্ষেত্রে খরচে ব্যবহারের সুযোগ ছিল। কিন্তু ডিজিটাল সেটেলমেন্ট সুবিধার ঘাটতির কারণে অনেক যাত্রী দেশেই ভালো দামে টিকিট কিনতে সমস্যা অনুভব করতেন। নতুন নীতিমালার ফলে যাত্রীরা দেশে বসেই আন্তর্জাতিক রুটের টিকিট সহজে এবং স্বচ্ছ পদ্ধতিতে কিনতে পারবেন।
সার্কুলারে বলা হয়েছে, বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা এখন ঢাকা–সিঙ্গাপুর, ঢাকা–দুবাইসহ সব ধরনের বিদেশগামী রুটের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কিনতে পারবেন। টিকিট বিক্রয় থেকে প্রাপ্ত সব অর্থ দেশের অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, যাতে বৈদেশিক মুদ্রা আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে প্রবাহিত হয়।
ভ্রমণ বরাদ্দের আওতায় ইস্যু করা আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার জন্য ব্যবহার করা অর্থ পুনরায় রিফিল করা যাবে- তবে সেটি শুধু তখনই সম্ভব হবে যখন সংশ্লিষ্ট এডি ব্যাংক নিশ্চিত করবে যে টিকিট বিক্রির পুরো অর্থ দেশে জমা হয়েছে। একই সঙ্গে দেশে কার্যরত বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের বিক্রয়লব্ধ বৈদেশিক মুদ্রা এডি ব্যাংকে পরিচালিত হিসাবেই জমা করবে এবং ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট অর্থ বৈধভাবে তাদের প্যারেন্ট অফিসে পাঠাতে পারবে।
শিল্পসংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ দেশের এভিয়েশন টিকিটিং ব্যবস্থাকে আন্তর্জাতিক ডিজিটাল স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে, দেশি–বিদেশি টিকিট মূল্যের বৈষম্য কমাবে এবং বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সুসংগঠিত ও স্বচ্ছ হবে।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত