শিরোনাম
Passenger Voice | ১১:৪০ এএম, ২০২৫-১১-১৭
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এশিয়ায় ভ্রমণ আরও সহজ হয়ে গেল। যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ গ্লোবাল পাসপোর্ট র্যাংকিং অনুযায়ী, বাংলাদেশিরা এখন বিশ্বের ৩৯টি দেশে ভিসামুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাচ্ছেন। এর মধ্যে এশিয়ার ছয়টি দেশ ভ্রমণপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কারণ এখানে ঢুকতেই লাগে না জটিল ভিসা প্রক্রিয়া।
নেপাল
হিমালয়ের দেশ নেপাল বাংলাদেশিদের অন্যতম প্রিয় গন্তব্য। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালেই মিলবে ‘অন অ্যারাইভাল ভিসা’। কাঠমান্ডুর ঐতিহাসিক মন্দির, পোখরার অন্নপূর্ণা রেঞ্জ ও বিখ্যাত এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক নেপালকে করে তুলেছে অদ্বিতীয়।
ভুটান
প্রতিবেশী ভুটানে যেতে বাংলাদেশিদের কোনো ভিসা প্রয়োজনই নেই। রাজকীয় এই পাহাড়ি দেশের থিম্পু শহর, টাইগার নেস্ট মনাস্টেরি, পুনাখা জং আর তুষারাবৃত ফোবজিখা ভ্যালি—সব মিলিয়ে ভ্রমণকারীদের জন্য স্বর্গীয় অনুভূতি।
মালদ্বীপ
নীল সমুদ্রের দেশ মালদ্বীপে পৌঁছালেই ৩০ দিনের ভিসা অন অ্যারাইভাল সুবিধা। রাজধানী মালেতে গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ ও ন্যাশনাল মিউজিয়াম, বাজেট ট্রাভেলারদের প্রিয় মাাফুশি দ্বীপ এবং হানিফারু বে-র ডাইভিং স্পট সবকিছুই ভ্রমণকারীদের টানে।
শ্রীলঙ্কা
বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কায় রয়েছে ই-ভিসা সুবিধা, যা ৩০ দিনের জন্য বৈধ এবং চাইলে আরও তিন মাস বাড়ানো যায়। সিগিরিয়া লায়ন রক, ইয়ালা ন্যাশনাল পার্কের বন্যপ্রাণী আর উপকূলের মনোমুগ্ধকর সৈকত এই দ্বীপ দেশকে করে তুলেছে অনন্য।
কম্বোডিয়া
ইতিহাস ও প্রকৃতির অপরূপ সমন্বয়ের দেশ কম্বোডিয়ায় মিলবে ভিসা অন অ্যারাইভাল। আঙ্কর ওয়াট, রয়্যাল প্যালেস, সিলভার প্যাগোডা এবং নীল সমুদ্রের কোহ রং দ্বীপ ভ্রমণকারীদের কাছে প্রধান আকর্ষণ।
তিমুর-লেসতে (পূর্ব তিমুর)
এশিয়ার লুকানো রত্ন পূর্ব তিমুরে বাংলাদেশিরা ভিসা অন অ্যারাইভাল সুবিধায় যাতায়াত করতে পারেন। দিলি শহরের ক্রিস্টো রেই ভাস্কর্য, আতাউরো দ্বীপের সামুদ্রিক জীববৈচিত্র্য এবং মাউন্ট রামেলাউ ট্রেক সব মিলিয়ে এটি রোমাঞ্চপ্রেমীদের জন্য আদর্শ গন্তব্য।
ভিসা জটিলতা ছাড়াই এই ছয় দেশে ভ্রমণের সুযোগ নিঃসন্দেহে নতুন উচ্ছ্বাস যোগ করছে বাংলাদশের ভ্রমণপ্রেমীদের তালিকায়। সুযোগ মিললেই ঘুরে আসতে পারেন এই মনোমুগ্ধকর গন্তব্যগুলোতে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত