শিরোনাম
Passenger Voice | ০৪:২৪ পিএম, ২০২৫-১১-১৬
ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে গতকাল শনিবার (১৫ নভেম্বর) রাতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও তাৎক্ষণিকভাবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তবে সকালে রেলওয়ে থানা পুলিশ সিসি ফুটেজে এক নম্বর প্লাটফর্মে ধোঁয়ার কুণ্ডলী দেখে নিশ্চিত করেছে, একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকার রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর রেওয়ে লস্টেশনের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা জানতে পারলেও পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কিছুই পায়নি। আজ সকালে সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিমানবন্দর স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ধোঁয়ার কুন্ডলী দেখতে পেয়ে বোঝা যাচ্ছে, সেখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, ঢাকার রেলওয়ে এলাকার পাশাপাশি কমলাপুর রেল স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এদিকে বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এক সদস্য বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে একটি বিস্ফোরণের আওয়াজ শুনে এক নম্বর প্লাটফর্মে গিয়ে কিছুই পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ধোঁয়ার কুন্ডলী। মানে সেখানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার কথা রয়েছে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর)। আদালতের এ রায় ঠেকাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গত ১৩ নভেম্বর কথিত লকডাউন পালন করে। এরপর রোববার (১৬ নভেম্বর) থেকে তারা কথিত শাটডাউন পালন করছে।
তাদের কর্মসূচির মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনার খবর মিলছে। এর মধ্যে ককটেল বিস্ফোরণ, অ্যাম্বুলেন্সসহ যানবাহনে আগুনের খবরও পাওয়া যাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত