যশোরে পার্কিং করে রাখা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Passenger Voice    |    ০৬:০২ পিএম, ২০২৫-১১-১৩


যশোরে পার্কিং করে রাখা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

যশোর শহরের উপশহর পার্কসংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাশে থাকা বস্তিবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বাসের ভেতরে আগুন দেখতে পান তারা। কাছে গিয়ে দেখা যায়, ভেতরে কেউ নেই, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে পাশের লোকজন ছুটে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসটির সুপারভাইজার হান্নান খান জানান, তাদের বাসটি ( মাগুরা জ-১১-০০০৭) যশোর-মাগুরা রোডে নিয়মিত চলাচল করে। প্রতিদিনের মতো রাতেও বাসটি উপশহর এলাকায় পার্কিং করে রাখা হয়। তিনি বলেন, রাতে বাসের ভেতরেই ছিলাম। ভোরে বাসায় ফেরার পর খবর পাই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে, তবে ইঞ্জিন অক্ষত রয়েছে।

স্থানীয়দের দাবি, পার্কিং করা বাসের পাশে উপশহর বস্তি হওয়ায় আগুনটি যদি বস্তিতে ছড়িয়ে পড়তো, তাহলে অসংখ্য ঘর ভস্মীভূত হতো। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। 

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ড্রাইভারের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নিয়মিত থাকা নাইটগার্ডটি তখন পাশে চা খেতে গিয়েছিলেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

প্রসঙ্গত, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ (১৩ নভেম্বর) ঢাকা লক ডাউনের কর্মসূচি দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাতে কোনো এক সময়ে যশোরে মশাল মিছিল করেন শেখ আতিকুর রহমান বাবু। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ফেরদৌস সালাম বাবু নামে আওয়ামী ঘরানার এক ব্যক্তি। 

ফেসবুকে একটি ছোট্ট ক্লিপিংস আর কয়েকটি স্টিল ছবি পোস্ট করে তিনি লিখেছেন, যশোর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ আতিকুর রহমান বাবুর নেতৃত্বে ১২.১১.২০২৪ (২০২৫ না) তারিখ মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা ও পরিকল্পিত রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী  লীগের কর্মসূচির অংশ হিসেবে যশোর-বেনাপোল মহাসড়কে মশাল মিছিল কর্মসূচি। রাত ৮টার দিকে ১ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিও ও ছবি তিনি পোস্ট করেন। মিছিলে ১৫-২০ জনের মতো লোকজন উপস্থিত ছিল বলে মনে হচ্ছে।