শিরোনাম
Passenger Voice | ০৩:১৫ পিএম, ২০২৫-১১-১১
নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী বাজার হতে বন্ধুপাড়া মোড় পর্যন্ত ১০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে পুলিশ। এ সড়কের বিভিন্ন পয়েন্টে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে গাছ ফেলে ডাকাতি। ডাকাতদল রাস্তার গাছ ফেলে যানবাহনের পথরোধ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে।
জানা যায়, গত রোববার সন্ধ্যা ৭টায় এ সড়কের বেজোড়া মোড় সংলগ্ন যাত্রীছাউনী এলাকায় রাস্তায় গাছ ফেলে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে ডাকাতদল। পরে রাত ৮টায় একই এলাকার ব্রিজের কাছে গাছ ফেলে বিভিন্ন যানবাহনে ডাকাতি করা হয়। এছাড়া রাত ৯টায় বেজোড়া মোড় থেকে তারেক জিয়া মোড় সংলগ্ন সড়কে গাছ ফেলে বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে।
এদিকে, গত ১৫ই অক্টোবর বুধবার দিবাগত রাতে উপজেলার সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কের মোশানতলা মোড় থেকে বন্ধুপাড়া মোড় পর্যন্ত ৭ কিলোমিটারের মধ্যে ৩টি স্থানে ডাকাতরা গাছ ফেলে পথরোধ করে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে। একই রাতে বেজোড়া মোড়ের তিন নাইট গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে ২০টি দোকানের সমস্ত মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
এছাড়া গত ১২ই অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ১ ঘণ্টা ওই সড়কে গাছ ফেলে উভয় দিক থেকে আসা বিভিন্ন যানবাহনের পথরোধ করে যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ সব মালামাল নিয়ে নেয় ডাকাতদল। এ সময় অনেকে বাধা দিতে চাইলে ২০ জনকে মারধর করে গুরুতর আহত করে। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার সারাইগাছী হতে বন্ধুপাড়া মোড় পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে প্রায়ই সন্ধ্যা হতে রাত পর্যন্ত ডাকাতি হচ্ছে। অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা নেই। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম জানান, প্রতি মাসের আইনশৃঙ্খলা মিটিংয়ে ওই সড়কে ডাকাতির কথা আলোচনা হয়ে থাকে। এতো ডাকাতির ঘটনায় তিনি নিজেও উদ্বিগ্ন।
এ ব্যাপারে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ওই এলাকায় থানা পুলিশ টহলে থাকে। এরপরেও কেন ডাকাতি হচ্ছে বিষয়টি আমার বোধগম্য নয়। প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত