শিরোনাম
Passenger Voice | ১২:১৭ পিএম, ২০২৫-১১-১১
রাজধানীর অন্তত ১০টি স্থানে গতকাল সোমবার ১৪ থেকে ১৫টি ককটেল বিস্ফোরণ ও তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল ভোর থেকে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, আগারগাঁও, খিলগাঁও, বাংলামোটর, মেরুল-বাড্ডা এবং শাহজাদপুরে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা ককটেল হামলা করেছে। সব কটি ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে দোষীদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। এদিকে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার যুবককে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন যুবককে কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল এবং সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিএমপি এই সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করেছে। রাজধানীর সব গির্জা এবং সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গতকাল ভোর পৌনে ৪টার দিকে মিরপুর-২-এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলযোগে এসে দুই ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, সেটি খতিয়ে দেখা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সোমবার ভোর পৌনে ৪টার দিকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি গ্রামীণ ব্যাংকের বাউন্ডারি ঘেঁষে একটি ককটেল ছুড়ে মারে। সেখানে বিস্ফোরণের পর তারা পালিয়ে যায়।
গতকাল সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠান ‘প্রবর্তনা’য় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসেছিল। প্রবর্তনার ভেতর একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করেছিল দুর্বৃত্তরা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, গলির ভেতরে প্রবর্তনা ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ বিষয়ে তদন্ত চলছে।
গতকাল সকাল ৭টার দিকে ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং মাইডাস সেন্টারের সামনে দুটিসহ মোট চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ চলছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহত নেই।
গতকাল রাত ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি অবিস্ফোরিত থাকে। এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বলেন, ‘কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। যারা ঘটিয়েছে তাদের মধ্যে একজনকে এনসিপির নেতা-কর্মীরা ধরেছে।’
আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে। ওসি আরও বলেন, বেতার ভবনের প্রধান ফটকের সামনে কে বা কারা একটি ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হয়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ভিডিও দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর আরেকটি ককটেল বিস্ফোরণের কথা জানিয়েছে পুলিশ। রাত ১০টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির বিপরীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খিলগাঁও থানা পুলিশ জানায়, ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে হতাহতের কোনো খবর নেই।
অন্যদিকে গতকাল ভোরের দিকে রাজধানীর মেরুল-বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে ও রাতে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পাই। তবে বাসে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানতে পারিনি। এখনো আমাদের কাছে এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য আসেনি। এ ছাড়া কেউ হতাহত হয়েছে, এমন তথ্যও পাওয়া যায়নি।’
অন্যদিকে রাত সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বাসটি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল, তা জানা যায়নি।
প্যা.ভ.ম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত