জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক বাইপাসের পাশ দখল করে আছে বালুর স্তুপ

Passenger Voice    |    ০৭:০৫ পিএম, ২০২৫-১১-০২


জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক বাইপাসের পাশ দখল করে আছে বালুর স্তুপ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনার মারণফাঁদ হিসেবে জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক বাইপাস সড়কের পাশে জায়গা দখল করে বালুর স্তুপ রেখে ব্যবসা চালাচ্ছে অসাধু বালু ব্যবসায়ীরা। এতে সড়ক চলাচলে যেমন বিঘ্ণ  ঘটছে, তেমনি সড়কের ওপর বালু ছড়িয়ে পড়ে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।


বালুর স্তুপের কারণে সড়ক সংকীর্ণ হয়ে যাওয়ায় উপজেলায় প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। প্রকাশ্যে এমন সড়ক দখল করে বালুর অবৈধ ব্যবসা চালালেও স্থানীয় প্রশাসন নীরব।

 
উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের পাশে ভজনপুর বাসা (নিজবাড়ী) থেকে শিবচন্ডী, নিজবাড়ী মোড় থেকে আঠোরখাড়ি হয়ে ময়নাগুড়ি, ভজনপুর বাসস্ট্যান্ড থেকে ভুতিপুকুর, বুড়াবুড়ি থেকে হারাদিঘী হয়ে শালবাহান বাজার বাইপাস সড়কগুলোর ওপর মাঝে মধ্যে বালুর স্তুপ করে রাখা হয়েছে। এদিকে উপজেলা মহাসড়কের ভজনপুর ইউনিয়নস্থ ভেরসা ব্রিজ সংলগ্ন নেসকো এলাকা থেকে দেবনগড় ইউনিয়স্থ পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত, সদর উপজেলা ইউনিয়স্থ বুড়িমুটকী এলাকা থেকে বাংলাবান্ধা পর্যন্ত সড়কের দু’পাশে পথচারীদের জায়গা দখল করে বালুর স্তুপ লক্ষ্য করা গেছে।


যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা না করায় এসব বালু হালকা বাতাসে উড়ে পথচারীর চোখেমুখে যাচ্ছে। মূল সড়কের ওপর বালু পড়ে সেগুলো বিপজ্জনক হয়ে পড়েছে।

 
কথা হয় উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত গ্রামের কৃষক জোসারুল ইসলাম ও ভ্যান চালক মোজাফফর হোসেনের সঙ্গে তাঁরা বলেন, আমাদের ছেলে-মেয়েদের মতো আন্যান্য জনের ছেলে-মেয়েরাও রাস্তা দিয়ে চলাফেরা করে এই বালুর কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত সরকারিভাবে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান তাঁরা।

 
এদিকে দ্রুত সড়ক থেকে বালুর স্তুপ সরানোর জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই সব রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহনের চালকসহ স্থানীয়রা।


বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের পঞ্চগড় জেলা শাখার সাধারন সম্পাদক ও উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসাইন বলেন, রাস্তার ওপর বালুর স্তুপ করে রাখা সড়ক দুর্ঘটনার একটি মূল সমস্যা। কিছু অসাধু বালু ব্যবসায়ীগণ এসব বালুর স্তুপ করে রাখেন। তিনি উপজেলার যেসব রাস্তার ওপর বালুর স্তুপ রাখা আছে ওই সব রাস্তার বালুর স্তুপ গুলো দ্রুত সরানোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।

 
এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবাশীষ রায় বলেন, তিনি আইনশৃঙ্খলা মিটিংয়ে মহাসড়ক ও বাইপাস সড়কের ওপর বালুর স্তুপ রাখার বিষয়ে ইউএনও’র কাছে ভ্রাম্যমাণ অভিযানের প্রস্তাব রেখেছেন। তিনি বলেন, সরেজমিনে বালুর স্তুপে গিয়ে থেমে থাকা এবং লোডিং অবস্থায় বেশ কয়েকটি গাড়ীকে মামলা দিয়েছেন। এতো কিছুর পরেও বালু ব্যবসায়ীরা তা না মেনে আগের জায়গায় ফিরে যান। তিনি আরও বলেন, ইউএনও স্যার ঘনে ঘনে ভ্রাম্যমাণ দিলেই হয়তো এসব সমস্যা সমাধান হতে পারে।


এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু জানান, এ ব্যাপারে ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত আছে। সড়কের সংশ্লিষ্ট এলাকাগুলো আরোও সরেজমিন দেখে ব্যবস্থা নেওয়া হবে। সড়ক দখল করে বালু স্তুপে রাখার সঙ্গে জড়িতদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।