নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালি

Passenger Voice    |    ১১:১৯ এএম, ২০২৫-১০-২৩


নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র‌্যালি

"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি" সড়ক যেন মৃত্যুর ফাঁদ না হয়, বরং নিরাপদ যাত্রার পথ হয়। ‘‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ গাজীপুর সার্কেলের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়।

ভাওয়াল সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিআরটিএর পক্ষ থেকে বৈধ কাগজপত্র ও লাইসেন্সধারী চালকদের সড়ক দুর্ঘটনা রোধে মানসম্মত হেলমেট ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং হেলমেট বিতরণ করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন। বিআরটিএ সহকারী পরিচালক এস. এম. মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ-সচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খ. ম.শরীফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কোনো ভাগ্যের বিষয় নয়, এটি সচেতনতার অভাবের ফল। চালকদের বেপরোয়া গতি, ওভারটেকিং, অদক্ষতা, ওভারলোডিং এবং পথচারীদের আইন না মানার প্রবণতা দুর্ঘটনার মূল কারণ। নিরাপদ সড়ক গড়তে সবার দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

জনকল্যাণে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ ও চালকদের প্রশিক্ষণ ও বিশ্রামের সুযোগ নিশ্চিত করা।ওভারলোডিং ও বেপরোয়া ওভারটেকিং বন্ধে কঠোর আইন প্রয়োগ, স্কুল, কলেজ ও কর্মস্থলে ট্রাফিক সচেতনতা শিক্ষা চালু করা। প্রযুক্তিনির্ভর ট্রাফিক মনিটরিং ব্যবস্থা সম্প্রসারণ, জনসম্পৃক্ত সড়ক নিরাপত্তা কমিটি গঠন। নিরাপদ সড়ক গড়তে শুধু প্রশাসন নয়, প্রয়োজন চালক, যাত্রী ও পথচারীর সম্মিলিত সচেতনতা। হেলমেট, সিটবেল্ট, ট্রাফিক আইন, এগুলো মানলে বাঁচবে জীবন, সুরক্ষিত থাকবে পরিবার, এবং নিরাপদ হবে দেশ।