নোয়াখালীতে আলোচনা সভার মধ্য দিয়ে নিরাপদ সড়ক দিবস পালিত

Passenger Voice    |    ০৭:৩২ পিএম, ২০২৫-১০-২২


নোয়াখালীতে আলোচনা সভার মধ্য দিয়ে নিরাপদ সড়ক দিবস পালিত

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে সাব রেজিস্ট্রার কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেল, জেলা প্রশাসনের সহযোগিতায়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব শান্তনু কুমার দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইসতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর, পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. পপি কুন্ডু। এছাড়াও সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। চালকদের প্রতিযোগিতা, বেপরোয়া ওভারটেকিং, অদক্ষতা, ওভারলোডিং, পর্যাপ্ত বিশ্রামের অভাব, পথচারীদের ট্রাফিক আইন না মানা ও সামাজিক অসচেতনতাসহ নানা কারণে দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনা রোধে চালক, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সকলের সচেতনতা জরুরি। বক্তারা আরও বলেন, সরকার সড়ক-মহাসড়ককে নিরাপদ করতে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন হলে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে তারা মত প্রকাশ করেন।

স্বাগত বক্তব্যে বিআরটিএ নোয়াখালী সার্কেলের মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী বলেন, চালকদের প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালনা, অতিরিক্ত মালামাল বা যাত্রী বহন থেকে বিরত থাকতে হবে। ট্রাফিক সাইন ও সিগন্যাল মেনে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সদর কার্যালয়ের নির্দেশনায় বিআরটিএ নোয়াখালী সার্কেল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা, সেমিনার, আলোচনা সভা আয়োজন করেছে। পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট ও পোস্টার বিতরণ কার্যক্রম মাসব্যাপী চলবে।