শনিবারও খোলা থাকবে ব্যাংকের কিছু শাখা

Passenger Voice    |    ১২:২৪ পিএম, ২০২৫-১০-১৮


শনিবারও খোলা থাকবে ব্যাংকের কিছু শাখা

২০২৬ সালের হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে সাপ্তাহিক ছুটির দিন আগামীকাল ১৮ অক্টোবর শনিবার দেশের কিছু নির্বাচিত ব্যাংক শাখা খোলা থাকবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে হজ অর্থ গ্রহণকারী ব্যাংকের নির্ধারিত শাখাগুলো শনিবার খোলা রাখতে হবে। আরও বলা হয়েছে, শাখাগুলোর কার্যক্রম চলাকালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী ব্যক্তি থাকা পর্যন্ত ব্যাংক খোলা রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী, জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৬ সালে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালের ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়ে শেষ হয় ১২ অক্টোবর। পরে সময় বাড়িয়ে তা ১৬ অক্টোবর পর্যন্ত করা হয়।