শিরোনাম
Passenger Voice | ০১:৫৬ পিএম, ২০২৫-১০-১৬
চড়া সুদের চাপ কমিয়ে তুলনামূলক সস্তা সুদের ট্রেজারি বিল ও বন্ডের দিকেই বেশি ঝুঁঁকতে চাইছে সরকার। এরই অংশ হিসেবে আগামী জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের সুদের হার আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে আগামী বছরের শুরুতে এ খাতের সর্বোচ্চ সুদহার নেমে ১০ শতাংশের কাছাকাছি আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করছে। এদিকে সাধারণ সঞ্চয়কারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অর্থাৎ দেশের অবসরপ্রাপ্ত বা বয়স্ক জনগোষ্ঠীর বড় একটি অংশের মাসিক চিকিৎসা ব্যয় ও দৈনন্দিন খরচের সিংহভাগ আসে সঞ্চয়পত্রের সুদ থেকে। ফলে সঞ্চয়পত্রের সুদহার কমে যাওয়া তাদের জন্য একটি নীরব বিপর্যয়।
বিশেষজ্ঞদের মতে, সরকার বাজেট ঘাটতি পূরণে যেসব অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয়, তার মধ্যে সঞ্চয়পত্র অন্যতম। কিন্তু সেখানে সুদের হার তুলনামূলকভাবে বেশি, যা সরকারের জন্য ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে তুলনামূলক কম সুদের ট্রেজারি বন্ড-বিলকে মূল উৎসে পরিণত করার পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থাৎ সরকার ধীরে ধীরে সঞ্চয়পত্র থেকে ঋণ নেয়ার প্রবণতা কমাচ্ছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, সমপ্রতি সরকারের সঞ্চয়পত্র বিক্রিতে ভাটা পড়ছে। তবু সুদহার কমানো হচ্ছে, যা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে। কিন্তু সঞ্চয়পত্রের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর জন্য এটি চাপ সৃষ্টি করবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরী বলেন, আইএমএফের শর্ত মানতেই সরকার সঞ্চয়পত্রের সুদহার কমিয়েছে। এতে বয়স্ক, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তরা বঞ্চিত হচ্ছে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, সুদের হার হ্রাস এবং শর্তের বেড়াজালে মানুষের মধ্যে সঞ্চয়পত্র কেনার প্রবণতা কমেছে। নতুন করে সুদ কমালে সঞ্চয়পত্র থেকে মুখ সরিয়ে মানুষ ভিন্ন জায়গায় বিনিয়োগ করবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সঞ্চয়পত্রের ওপর মানুষের আগ্রহ যাতে ট্রেজারি বন্ড বা বিলে শিফট হয়, সেটি নিয়ে ভাবছে সরকার। এ বিষয়ে কাজ চলছে। মূলত বিকল্প বিনিয়োগের উৎস থাকায় সরকার সঞ্চয়পত্রে ঋণ কমাতে উদ্যোগ নিয়েছে।
সূত্র মতে, জাতীয় সঞ্চয় অধিদপ্তর বর্তমানে মোট ১১টি সঞ্চয় স্কিম চালু রেখেছে। এর মধ্যে রয়েছে চার ধরনের সঞ্চয়পত্র, দুটি ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাব, একটি ডাক জীবনবীমা, একটি প্রাইজবন্ড এবং প্রবাসীদের জন্য তিনটি বিশেষ বন্ড। প্রতিটি স্কিমে বিনিয়োগের বিপরীতে মুনাফার হার ভিন্ন। সঞ্চয়পত্রে বর্তমানে সর্বোচ্চ সুদহার ১১.৯৮ শতাংশ আর সর্বনিম্ন সুদ ৯.৭২ শতাংশ। চলতি বছরের জুলাইয়ে একাধিক স্কিমে সুদের হার ৪৭ থেকে ৫৭ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়। জানুয়ারিতে তা আরও এক থেকে দেড় শতাংশ কমানো হলে সাধারণ মানুষের জন্য সঞ্চয়পত্র হবে আগের চেয়ে অনেক কম লাভজনক। অন্যদিকে, ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার গড়ে ৯.৫ শতাংশের কাছাকাছি থাকায় সরকার সেখান থেকে সস্তায় ঋণ নিতে পারছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে নিট বিক্রি ঋণাত্মক ৬ হাজার ৬৩ কোটি টাকা। ২০২৩-২৪ সালে এটি ছিল ঋণাত্মক ২১ হাজার ১২৪ কোটি টাকা, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। এ প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে সঞ্চয়পত্র বিক্রি আরও কমবে বলেই আশঙ্কা করা হচ্ছে। সবশেষ চলতি অর্থবছরে সঞ্চয়পত্রে মুনাফার হার কমায় সরকার। নতুন এ হার আগামী ছয় মাস অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এ ছাড়া নতুন নিয়মে বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। যাদের বিনিয়োগ কম, তারা তুলনামূলকভাবে বেশি মুনাফা পাবেন। আর যাদের বিনিয়োগ বেশি, তাদের ক্ষেত্রে সুদের হার অপেক্ষাকৃত কম হবে। এখন ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকে ‘ছোট বিনিয়োগ’ হিসেবে ধরা হয়। অর্থাৎ, কোনো বিনিয়োগকারীর সঞ্চয়পত্রে মোট বিনিয়োগ যদি ৭ লাখ ৫০ হাজার টাকার কম হয়, তবে তিনি তুলনামূলকভাবে বেশি মুনাফা পাবেন। অন্যদিকে, যাদের বিনিয়োগ এই সীমার বেশি, তাদের জন্য মুনাফার হার কিছুটা কম রাখা হয়েছে। এ ছাড়া ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে উৎসে কর ৫ শতাংশ, তার বেশি বিনিয়োগ গুনতে হবে ১০ শতাংশ উৎসে কর।
১৯৭৭ সালে প্রথম পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র প্রবর্তন করে সরকার। পরে আরও তিনটি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র প্রবর্তন করা হয়। চার ধরনের সঞ্চয়পত্রে সবচেয়ে বেশি সুদ পেনশনার সঞ্চয়পত্রে। এরপর পরিবার সঞ্চয়পত্র। এ ছাড়া পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র ও তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র বিনিয়োগের সুযোগ রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত