ইসলামী ব্যাংকে সাড়ে ৫ হাজার ওএসডি, দুই দিনে প্রায় ২০০ কর্মী ছাঁটাই

Passenger Voice    |    ০৩:৪১ পিএম, ২০২৫-০৯-৩০


ইসলামী ব্যাংকে সাড়ে ৫ হাজার ওএসডি, দুই দিনে প্রায় ২০০ কর্মী ছাঁটাই

মূল্যায়ন পরীক্ষার নামে ইসলামী ব্যাংকে নতুন করে ছাঁটাই শুরু হয়েছে। ব্যাংকের নির্ধারিত সময়ে মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ায় চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে গত দুই দিনে প্রায় ২০০ কর্মীকে ছাঁটাই করেছে ইসলামী ব্যাংক। পাশাপাশি প্রায় সাড়ে ৫ হাজার কর্মীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। শুধু তা-ই নয়, গতকাল সোমবার নতুন করে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংকটি। 

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর থেকেই ব্যাংকটিতে ছাঁটাই চলছে। সেই চলমান কর্মসূচির অংশ হিসেবেই এবারও ছাঁটাই করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা বলেন, দক্ষতা মূল্যায়নের নামে কর্মী ছাঁটাইয়ের উদ্দেশ্যে পরীক্ষা নিতে গত মাসের ২২ তারিখে ইসলামী ব্যাংক একটি সার্কুলার জারি করেছিল। বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত রুল জারি করেন। 

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক যেন বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংককে দক্ষতা মূল্যায়ন বা নিয়োগ পরীক্ষা বাদ দিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করেন আদালত। আদালতের এই নির্দেশনা অমান্য করে ইসলামী ব্যাংক চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখে আবারও একটি সার্কুলার জারি করে। 

যেখানে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে কর্মীদের দক্ষতা মূল্যায়নে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর (গত শনিবার)। প্রায় সাড়ে ৫ হাজার কর্মী এই পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু ২৬ সেপ্টেম্বর আদালতের প্রতি সম্মান জানিয়ে সব কর্মী সম্মিলিতভাবে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষা বয়কটের ঘোষণা দেন। পরে ওই সব কর্মী গত রবিবার যথাসময়ে অফিসে গেলে তারা তাদের নির্ধারিত কম্পিউটারে লগইন করতে পারেননি। ফলে তারা কোনো ধরনের কাজও করতে পারেননি।