শিরোনাম
Passenger Voice | ০২:৩৭ পিএম, ২০২৫-০৯-২৫
রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জ, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জে আরো চারজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী: মঙ্গলবার রাত ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় অন্য একটি ট্রাক। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন পিকআপের চালক ও সহকারী। তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন পিকআপের চালক ও কুষ্টিয়ার পারখাদা ত্রিমোহনী এলাকার মনসুর আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫) ও পশ্চিম মজমপুর এলাকার শাহিন মোল্লার ছেলে কাওছার মোল্লা (৩০)। তিনি পিকআপের হেলপার ছিলেন।
মুন্সিগঞ্জ: টঙ্গিবাড়ীতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বাস চাপায় আরভি (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। গতকাল বেলা ১টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনি বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা: জেলার বুড়িচংয়ে গাড়িচাপায় কামরুল হাসান রানা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। কয়েক মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন।
নারায়ণগঞ্জ: ফতুল্লায় ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আব্দুল্লাহ (৪) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুলবাগ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে ধর্মগঞ্জ ঢালিপাড়া মুন্সিবাড়ি এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকত।
সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় বাসচাপায় আবুল কালাম আজাদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম রায়গঞ্জ উপজেলার চকমনোহরপুর গ্রামের বাসিন্দা ও নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত