শিরোনাম
Passenger Voice | ০৫:২৭ পিএম, ২০২৫-০৯-২১
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিএএফ শাহীন কলেজ, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ এবং নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে বিমানের এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, নিয়োগ পরীক্ষায় পরীক্ষায় বিএএফ শাহীন কলেজে ১০ জন, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে ১ জন এবং কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজে ২ জনসহ মোট ১৩ জনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। এর মধ্যে প্রবেশপত্রে অন্যের ছবি ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে অংশগ্রহণের দায়ে একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে। এছাড়াও, একজন প্রার্থীর কাছ থেকে নিয়োগ পরীক্ষায় নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। এসব ঘটনায় মোট ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
বিমান জানায়, নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন রানী বিশ্বাস, সাথী, মো. মেহেদী হাসান, জি. এম. শরিফুল ইসলাম, মো. রাজু আহমেদ এবং আল-আমিন। এছাড়া, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় মো. সোহাগ হোসাইন ও শাকিল খান (রোল: ১১০০১২৯৭)-কে বহিষ্কার করা হয়।
পরীক্ষায় নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় মো. সাইফুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও পরীক্ষার্থী মো. সিদ্দীক আলী এর পরিবর্তে মুরাদ হোসেন হাবীব, মো. রায়হান হোসাইনের পরিবর্তে রুবেল রানা এবং সুমন আলীর এডমিট কার্ড নকল করে পরীক্ষা দিতে আসা রানা মিয়াকে বহিষ্কার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা মামলা করা হয়েছে। পাশাপাশি মূল পরীক্ষার্থী সুমন আলী রানা মিয়ার সঙ্গে যোগসাজশে পরীক্ষা দিতে আসায় তার পরীক্ষাও বাতিল করা হয় এবং তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
বোসরা ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগেও এ ধরনের ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতেও নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে থানায় মামলা দায়েরসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত