শিরোনাম
Passenger Voice | ১১:২২ এএম, ২০২৫-০৯-২১
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় এই অভিযান চালানো হয়।
দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের শিকলবাহার বাড়িতে অর্থপাচার ও দেশিয় ব্যবসার বিভিন্ন নথিপত্র লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান হতে পারে সন্দেহে ইলিয়াস তার বাড়ি থেকে সব নথি সরিয়ে ওসমান তালুকদার নামের একজনের বাসায় রাখে। পরে তালা ভেঙে ওই বাসা থেকে ২৩ বস্তা নথি জব্দ করা হয়।
তিনি বলেন, এসব নথি বিদেশে টাকা পাচার ও বিভিন্ন ব্যবসা সংক্রান্ত। নথিগুলো পর্যালোচনা করে বিস্তারিত জানা যাবে।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জাবেদের দুই ‘মাস্টারমাইন্ড’ আরামিট পিএলসি’র এজিএম উৎপল পাল ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের মঞ্জুর করা ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে এই অভিযান চালানো হয়।
প্রসঙ্গত, চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবু’র ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম-১৩ আসনে সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী ও ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।
গত বছরের ৭ অক্টোবর সাইফুজ্জামান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তার বিরুদ্ধে দেশ থেকে অর্থপাচার করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সম্পত্তি কেনার অভিযোগ উঠে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত