জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন মির্জা ফখরুলসহ ৩ নেতা

Passenger Voice    |    ০২:৫০ পিএম, ২০২৫-০৯-১৬


জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন মির্জা ফখরুলসহ ৩ নেতা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদের ভিসা নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।

আগামী ২১ সেপ্টেম্বর (রবিবার) তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। 

গত ৯ সেপ্টেম্বর বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নবনির্বাচিত সভাপতি অ্যানালিনা ব্যারবক-এর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এই অধিবেশন। জাতিসংঘের অধিবেশনের এবারের প্রতিপাদ্য ‘বেটার টুগেদার : এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’।

উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

এবার উচ্চ পর্যায়ের সভার মধ্যদিয়ে ২২ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিতর্ক পর্ব। এদিন থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা সাধারণ বিতর্কে অংশ নেবেন। 

রেওয়াজ অনুযায়ী ওইদিন প্রথম বক্তৃতা করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এরপর ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৬ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এই সাধারণ বিতর্কে অংশ নিয়ে নিজেদের জাতীয় স্বার্থ, বৈশ্বিক চ্যালেঞ্জ এবং শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন।

এবারের অধিবেশনে বৈশ্বিক সংঘাত, বিশেষ করে ইউক্রেন সংকট, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, দারিদ্র্য ও বৈষম্য হ্রাস, এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত নিয়ে বিস্তর আলোচনা হওয়ার কথা রয়েছে।

পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য বৈদেশিক ঋণ সংকট মোকাবিলা এবং বৈশ্বিক দক্ষিণের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে করণীয় বিষয়েও প্রস্তাবনা উত্থাপিত হবে।