শিরোনাম
Passenger Voice | ১১:২৫ এএম, ২০২৫-০৯-১৬
চট্টগ্রামের আনোয়ারায় ফুল সাজানো গাড়িতে রাজকীয় বিদায় জানানো হলো এক স্কুলশিক্ষককে। ৩৮ বছরের কর্মজীবন শেষে বিদায় নিলেন উপজেলার চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক শম্ভু সরকার।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয়ের এডহক কমিটি।
শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে একটি প্রাইভেট কার সাজানো হয় ফুল দিয়ে। গাড়ির সামনের অংশে বড় ফুলের তোড়া, চারপাশে নানা ধরনের ফুল ঝুলানো ছিল। গাড়িটির ওপর টুপি আকারে তৈরি করা হয় গোলাকৃতির ফুল। বিদ্যালয় থেকে বের হওয়ার সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের ওপর ছিটিয়ে দেন ফুলের পাপড়ি। আবেগঘন মুহূর্তে কেউ স্যারের পায়ে সালাম করেন, কেউ আবার বুক ভরে জড়িয়ে ধরে বিদায় জানান।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন শিক্ষক শম্ভু সরকার। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষার্থীরাই ফুল সাজানো গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেন।
বিদায়ী শিক্ষক শম্ভু সরকার বলেন, ‘বিদায় অনেক কষ্টের। তবে কোমলমতি শিক্ষার্থী ও সহকর্মীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শান্তনু মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য কাজী আবু তাহেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত