শিরোনাম
Passenger Voice | ০৩:৫৮ পিএম, ২০২৫-০৯-১৫
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের বউ-শ্বাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দোহাজারী পৌরসভার দেওয়ানহাট পাঠানিপুল সংলগ্ন মামা ভাগিনার মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার মধ্যম হাশিমপুর গ্রামের কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আক্তার (৪২) এবং ময়মনসিংহের ঔষধ কোম্পানি এমআর মো. শরীফ (২৬)। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। নিহতরা সিএনজিচালিত অটোরিকশাযোগে দোহাজারী পৌরসভা এলাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরছিলেন।
জানা যায়, দুর্ঘটনার পর আহতদের প্রথমে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, 'আমরা এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর বিষয়ে খবর পেয়েছি। তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত