শিরোনাম
Passenger Voice | ০৪:০০ পিএম, ২০২৫-০৯-০৪
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে বুড়িমারী মহাসড়কে আয়োজিত এ কর্মসূচিতে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক ছাড়াও বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন বলে জানিয়েছেন নর্থল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজমুল কায়েস হিরু।
এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার স্কুল শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দ্রুতগামী বাসের চাপায় মারা যায় ইসমান (১২)। সে দিঘীরহাট এলাকার হাতিবান্ধা এস.এস. সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়ে। বুধবার রাতেই সহপাঠী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এরই ধারাবাহিকতায় নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার সকালে স্থানীয় নর্থল্যান্ড স্কুল পরিবারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হাতীবান্ধা এস.এস. সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী গ্রন্থিকা বলেন, “আমরা আর কোনো ভাইয়ের মৃত্যু দেখতে চাই না; অবিলম্বে বুড়িমারী মহাসড়ক ফোর লেন ও নিরাপদ সড়ক চাই।”
হাতীবান্ধা এস.এস. সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা গুলনাহার বেগম বলেন, “আমরা আর সন্তান হারাতে চাই না; অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ফোর লেন বাস্তবায়ন ও নিরাপদ সড়কের দাবি জানাচ্ছি।”
নর্থল্যান্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল কায়েস হিরু বলেন, “এভাবে আর কত শিক্ষার্থীর প্রাণ যাবে, আমাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে। আমরা মেনে নিতে পারছি না, শিক্ষার্থীরাও মেনে নিতে পারছে না। আমরা চাই ইসমানের হত্যার দ্রুত বিচার এবং নিরাপদ সড়ক।”
অন্য বক্তারা বলেন, বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণে না থাকায় এবং প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় বুড়িমারী মহাসড়কে প্রতিনিয়ত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। সাধারণ মানুষকে জীবন দিতে হচ্ছে।
তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সড়কে ইসমানের মৃত্যুই যেন শেষ মৃত্যু হয়।
এ সময় নিহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, দুর্ঘটনাপ্রবণ স্থানে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপনসহ সাত দফা দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত