কনটেইনার হ্যান্ডলিংয়ে বৈশ্বিক তালিকায় পেছাল চট্টগ্রাম বন্দর

Passenger Voice    |    ১০:৪৪ এএম, ২০২৫-০৯-০৩


কনটেইনার হ্যান্ডলিংয়ে বৈশ্বিক তালিকায় পেছাল চট্টগ্রাম বন্দর

কনটেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। ২০২৪ সালে বিশ্বের বন্দরগুলোর কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে সম্প্রতি সেরা ১০০ বন্দরের তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট।

যদিও ২০২৩ সালে লয়েডস লিস্টে ৬৭তম অবস্থানে ছিল চট্টগ্রাম বন্দর। বর্তমানে সে অবস্থান থেকে পিছিয়ে পড়ে চট্টগ্রাম বন্দরের স্থান ৬৮তম। যদিও ২০২৩ সালের তুলনায় গত বছর (২০২৪ সাল) ২ লাখ ২৫ হাজার টিইইউএস (একক) কনটেইনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর। অর্থাৎ ২০২৩ সালে বন্দর দিয়ে কনটেইনার হ্যান্ডলিং (কনটেইনার উঠানো-নামানো) হয়েছিল ৩০ লাখ ৫০ হাজার টিইইউএস। ২০২৪ সালে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২ লাখ ৭৫ হাজার টিইইউএসে। 

বছরের ব্যবধানে বেশি কনটেইনার হ্যান্ডলিং করলেও বিশ্বের অন্যান্য বন্দরের তুলনায় কনটেইনার হ্যান্ডলিং না বাড়ায় চট্টগ্রাম বন্দরকে এক ধাপ পিছিয়ে যেতে হয়েছে। তবে লয়েডস লিস্টের তালিকা দিয়ে একটি বন্দরের সেবার মান বিচার করা হয় না। বিশ্বের কোন বন্দর কী পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং করেছে সে তথ্যের তুলনা করে তালিকা প্রকাশ করে সংস্থাটি। 

২০২৩ সালে ৬৭তম স্থান দখল করেছিল চট্টগ্রাম বন্দর। কিন্তু ২০২৪ সালে এসে ওই স্থান দখল করে নিয়েছে সৌদি আরবের দাম্মাম পোর্ট। বন্দরটি ৩২ লাখ ৯০ হাজার টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করেছে। যেটা চট্টগ্রাম বন্দরের তুলনায় ১৫ হাজার টিইইউএস বেশি। 

লয়েডস লিস্টের প্রকাশনা অনুযায়ী, শীর্ষ তালিকায় স্থান পাওয়া ১০০টি বন্দরে গত বছর ৭৪ কোটি ৩৬ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার হ্যান্ডলিং করে তালিকায় এবার শীর্ষ স্থান দখল করেছে চীনের সাংহাই বন্দর। এদিকে ৪ কোটি ১১ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছে চীনের নিংবো-ঝুশান বন্দর ও শেনজেন বন্দর। বন্দর দুটি পর্যায়ক্রমে ৩ কোটি ৯৩ লাখ টিইইউএস ও ৩ কোটি ৩৪ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছে। তালিকার একেবারে শেষ অবস্থানে অর্থাৎ ১০০তম স্থানে রয়েছে চিলির সান অন্তোনিও বন্দর। বন্দরটি ১৮ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছে। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দায়িত্ব নেওয়ার পর থেকে কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ বেড়েছে। গত ২৮ আগস্ট সকাল ৮টা থেকে ২৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট ৫ হাজার ১৯ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। বন্দরের ইতিহাসে এটি সর্বোচ্চ। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আশা করি আগামী দিনে বন্দরের অবস্থান আরও এগিয়ে যাবে। 

চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, ‘২০২৪ সাল থেকে এখন পর্যন্ত একের পর এক সমস্যা তৈরি হচ্ছে। গত বছর ডলারসংকট, রাজনৈতিক অস্থিতিশীলতাসহ বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। একটি দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে আমদানি-রপ্তানি স্বাভাবিক গতিতে চলে।’