শিরোনাম
Passenger Voice | ০২:১৬ পিএম, ২০২৫-০৮-২৮
গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসির মুনাফায় ব্যাপক ভাটা পড়েছে। এতে কোম্পানির পর্ষদ আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথমবারের মতো শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করতে যাচ্ছে ব্যাংকটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই তথ্য জানিয়েছে ব্যাংকটি।
যদিও গত হিসাব বছরে ব্যাংকটি সামান্য পরিসরে মুনাফা তুলতে সক্ষম হয়েছে, তবে চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) লোকসান গুনতে হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচ্য সময়ে তাদের সুদ ব্যয় বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার বিপরীতে আয় উল্লেখযোগ্য হারে কমার কারণে লোকসান গুনতে হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২৪ হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৯ পয়সা। আগের হিসাব বছরে যা হয়েছিল ৩ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা কমেছে ৬৭ দশমিক ৬৬ শতাংশ। গত ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) ধনাত্মক ২১ টাকা ৭৩ পয়সা হলেও নগদ পরিচালন সক্ষমতা ঋণাত্মক হয়ে পড়েছে। এ সময়ে শেয়ারপ্রতি সমন্বিত নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৪ টাকা ৫৫ পয়সা।
ব্যাংকের চলতি বছরের এজেন্ডাগুলোতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১০ অক্টোবর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর।
এদিকে চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ১১ পয়সা। যদিও এর মধ্যে শেষ তিন মাসের (এপ্রিল-জুন) লোকসানের পরিমাণ এর চেয়ে বেশি। ওই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। লোকসান হওয়ায় ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্যও কমেছে। গত ৩০ জুন শেষে যা কমে ২০ টাকা ৫৩ পয়সায় দাঁড়িয়েছে। পাশাপাশি শেয়ারপ্রতি সমন্বিত নগদ পরিচালন প্রবাহ আরো বেশি ঋণাত্মক হয়েছে, যা মাইনাস ৭ টাকা ৬৪ পয়সা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত