চট্টগ্রাম বন্দর পরিদর্শনে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

Passenger Voice    |    ০২:৪৯ পিএম, ২০২৫-০৮-২৩


চট্টগ্রাম বন্দর পরিদর্শনে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।  শুক্রবার (২২ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় অর্ন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরের সার্বিক অবস্থা, বিশেষ করে বন্দরে পরিচালনা পর্ষদ, কন্টেইনার/কার্গো হ্যান্ডলিং, শ্রম ব্যবস্থাপনা, বিদেশি বিনিয়োগ, অটোমেশনসহ বন্দরের বিভিন্ন উন্নয়ন সূচক সম্পর্কে জানতে চাইলে তাকে এ সব বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়। তিনি চট্টগ্রাম বন্দরের সার্বিক উন্নতি ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

তিনি (পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী) বিদেশি বিনিয়োগের ব্যাপারে উল্লেখ করে বলেন, করাচি পোর্ট ট্রাস্টে হাচিসন পোর্ট গ্রুপ একটি কন্টেইনার টার্মিনাল এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্ট (এডি পোর্ট) একটি বাল্ক টার্মিনাল পরিচালনা করছে । এ ছাড়াও পোর্ট কাশিমে ডিপি ওয়ার্ল্ড দীর্ঘ মেয়াদি চুক্তির ভিত্তিতে একটি টার্মিনাল পরিচালনা করছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বন্দরের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। বিশেষ করে বিগত বছরে চট্টগ্রাম বন্দরের রেকর্ড পরিমান কন্টেইনার হ্যান্ডলিং, জাহাজের ওয়েটিং টাইম ০-২ দিনে নামিয়ে আনা, জাহাজের গড় অবস্থান কাল (টার্ন এরাউন্ড টাইম) হ্রাসসহ বন্দরের সাম্প্রতিক অটোমেশান ও ডিজিটালাইজেশনের ব্যাপারে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন। 

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বৃদ্ধি, সরাসরি জাহাজ চলাচলসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন। 

এ সময় অর্ন্তবর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা  শেখ বশিরউদ্দীন দুদেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। 

এ সময় পাকিস্তান দূতাবাসের বাণিজ্য ও বিনিয়োগ দূত জেইন আজিজ, বাণিজ্যিক সহযোগী ওয়াকা ইয়াসিন, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. নাজনিন কাউসার চৌধুরী, বে টার্মিনালের প্রকল্প পরিচালক কমডোর মো. মাহফুজুর রহমানসহ বন্দরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে পাকিস্তানের প্রতিনিধিদল বন্দরে অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।