শিরোনাম
Passenger Voice | ০৩:১৯ পিএম, ২০২৫-০৮-১৬
প্রধান উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, তা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘জনগণই দেশের মূল শক্তি, তারা নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে, পেছানোর কোনো সুযোগ নেই।’
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেটার ওপরে আমাদের কারও কোনো কথা নেই। স্যার যে তারিখ বলেছেন, সেই তারিখে নির্বাচন হবে। যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বললো- ওটা শোনার আমাদের দরকার নেই।’
মোহাম্মদপুর আর মিরপুর এলাকায় বেশি চাঁদাবাজি হয়। কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না। যতবড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কাউকে ছাড় দেওয়া হবে না।’
সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বেড়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত