শাহ্জালাল ইসলামী ব্যাংকের এন্টি-মানি লন্ডারিং বিষয়ক কর্মশালা

Passenger Voice    |    ১১:২৮ এএম, ২০২৫-০৮-১১


শাহ্জালাল ইসলামী ব্যাংকের এন্টি-মানি লন্ডারিং বিষয়ক কর্মশালা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এন্টি মানি লন্ডারিং ডিভিশনের উদ্যোগে শনিবার (৯ আগস্ট) রাজশাহীর স্থানীয় এক হোটেলে ব্যাংকের রাজশাহী জোনের মোট ১২টি শাখা হতে ৫০ জন কর্মকর্তা নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায়  মো. জয়নুল আবেদীন, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। 

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এন্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো. আসাদুল ইসলাম খান এ কর্মশালা উদ্বোধন করেন এবং ক্রেডিট ব্যাকড মানি লন্ডারিং প্রতিরোধ এর ওপর সেশন পরিচালনা করেন। এন্টি মানি লন্ডারিং বিভাগের মো. আশরাফুল ইসলাম, এফএভিপি বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের রাজশাহী শাখার ম্যানেজার মো. আরিফ বিল্লাহ, এসএভিপি উপস্থিত ছিলেন।

কর্মশালায় আলোচকরা দেশের বিদ্যমান আইন, বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউএর সব নির্দেশনা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান। কোনোভাবে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে ব্যর্থ হলে তার কুফল দেশ ও দেশের অর্থনীতিকে ভোগ করতে হবে।
 
মানি লন্ডারিং একটি দেশের উন্নয়নকে সার্বিকভাবে বাধাগ্রস্ত করে। তাই দেশের নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের স্বার্থে আমাদের এ ব্যাপারে আইন ও বিধি মোতাবেক সঠিক পদক্ষেপ নিতে হবে। দেশকে মানি লন্ডারিং ও সন্ত্রাসমুক্ত করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগকে আরও শক্তিশালী করতে হবে, যাতে দেশ টেকসই উন্নয়নের দিকে ধাবিত হতে পারে। আমরা যদি এ বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে তার যথাযথ বাস্তবায়ন করতে পারি তাহলে দেশ ও জাতির সঠিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।