শিরোনাম
Passenger Voice | ০১:২২ পিএম, ২০২৫-০৮-০৪
ঢাকার সাভারের আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লরির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাইপাইলের দিক থেকে আসা একটি অটোরিকশা উল্টোপথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিল। ওই সময় সামনে থেকে আসা একটি লরি দেখে চালক রিকশাটি রাস্তার মাঝখান দিয়ে সরানোর চেষ্টা করেন। রাস্তায় পানি থাকায় রিকশাটি একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে যাত্রীরা ছিঁটকে লরির পেছনের চাকার নিচে চাপা পড়েন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অবস্থায় রিকশাচালকসহ তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ বলেন, “আমি রাস্তা পার হচ্ছিলাম। রিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে একটি বড় লরির পেছনের চাকায় চাপা পড়ে। একজন ঘটনাস্থলে মারা যায়, বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজন শিশু ও একজন নারী ছিলেন।”
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, “সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। উল্টো পথে রিকশায় তিনজন যাত্রী নিয়ে ইপিজেডের দিকে যাচ্ছিল চালক। পরে রিকশাটি সড়কের গর্তে পড়ে উল্টে বিপরীত দিক থেকে আসা একটি লড়ির নিচে চাপা পড়ে। একজন ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন আছেন।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কিছুক্ষণ সড়ক অবরোধ করলেও পুলিশ বুঝিয়ে সরিয়ে দেয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত