শিরোনাম
Passenger Voice | ০৪:৩৭ পিএম, ২০২৫-০৭-৩১
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা সৈকত এক্সপ্রেস (৮২১ নম্বর ট্রেন) ও প্রবাল এক্সপ্রেসের (৮২২ নম্বর ট্রেন) সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সময়সূচি আগামী ১০ আগস্ট থেকে কার্যকর হবে।
গত মঙ্গলবার (২৯ জুলাই) রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়, যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার জন্য কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
জানা গেছে, সৈকত এক্সপ্রেস বর্তমানে সকাল সোয়া ৬টায় কক্সবাজার স্টেশনের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়। অন্যদিকে প্রবাল এক্সপ্রেস বর্তমানে চট্টগ্রামের উদ্দেশে সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার স্টেশন ছাড়ে। তবে নতুন সময়সূচি অনুযায়ী, সৈকত এক্সপ্রেস ভোর ৫টা ৫০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে চট্টগ্রাম ছাড়বে এবং প্রবাল এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে সকাল ১০টায় কক্সবাজার ছেড়ে আসবে।
এ বিষয়ে রেলওয়ের পূর্বাঞ্চলের উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা দুটি ট্রেনের সময়সূচি পরীক্ষামূলকভাবে পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ আগস্ট থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।’
উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর সর্বপ্রথম ঢাকা থেকে কক্সবাজার যেতে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে আন্তঃনগর বিরতিহীন যাত্রীবাহী ট্রেন দেওয়া হয়। ২০২৪ সালের জানুয়ারিতে ঢাকা-কক্সবাজার রুটে ‘পর্যটক এক্সপ্রেস’ নামে আরও একটি যাত্রীবাহী ট্রেন যুক্ত হয়। কিন্তু চট্টগ্রাম থেকে কোনো ট্রেন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এর প্রেক্ষিতে ২০২৪ সালের ৮ এপ্রিল চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে দুটি বিশেষ ট্রেন চালু করা হয়। পরে ওই বছরের ৩০ মে ইঞ্জিন ও কোচের সংকট দেখিয়ে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের চাপে গত বছরের ১২ জুন আবারও চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হয় ট্রেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত