শিরোনাম
Passenger Voice | ০৩:০৩ পিএম, ২০২৫-০৭-২৮
রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রজনন মৌসুমে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা আরও ২ দিন বাড়িয়ে ২ আগস্ট রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে মৎস্য অবতরণ ঘাটগুলোতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছের শুল্কায়নের সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত সভা’য় এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
সভায় বলা হয়, আগামী ২ আগস্ট রাত ১২টা পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ থাকবে। এসময় মাছ ধরায় নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে, নিষেধাজ্ঞাকালীন জেলেদের জন্য ভিজিএফ চাল সারা দেশের ন্যায় মাসে ৪০ কেজি করার দাবি জানিয়েছেন জেলেরা।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ‘আগামী ২ আগস্ট রাত ১২টার পর থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণ উন্মুক্ত হবে। সভায় উপস্থিত জেলে, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আলোচনার ভিত্তিতে মাছ শিকারের নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জেলেদের খাদ্যসহায়তা ২০ কেজির স্থলে ৪০ কেজি করার দাবি সরকারের কাছে পৌঁছানো হয়েছে।’
মাছের প্রজনন মৌসুমে প্রতিবছর কাপ্তাই হ্রদে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এই সময়টাতে মূলত কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাছ শিকার বন্ধ রাখা হয়।
হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন মৎস্য আহরণের ওপর নির্ভরশীল প্রায় ২৬ হাজার জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে ২০ কেজি করে চাল খাদ্যসহায়তা হিসেবে দেওয়া হয়ে থাকে। যা নিয়ে দীর্ঘদিন ধরে জেলেরা ক্ষোভ জানিয়ে আসছেন।
সভায় রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটির উপ ব্যবস্থাপক মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার, নৌপুলিশ প্রতিনিধি, জেলে ও মৎস্যজীবী প্রতিনিধিসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১৬ এপ্রিল কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ তিন মাসের এই নিষেধাজ্ঞা জারি করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত