রেল যোগাযোগের উন্নয়নে দীর্ঘমেয়াদী-সমন্বিত পরিকল্পনা দরকার: ড. শেখ মইনউদ্দিন

Passenger Voice    |    ০৩:১৭ পিএম, ২০২৫-০৭-১৭


রেল যোগাযোগের উন্নয়নে দীর্ঘমেয়াদী-সমন্বিত পরিকল্পনা দরকার: ড. শেখ মইনউদ্দিন

দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদী ও সমন্বিত পরিকল্পনা দরকার বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জন্য প্রতিমন্ত্রী মর্যাদায় দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর রেলভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।

শেখ মইনউদ্দিন বলেন, ‘পৃথিবীর অনেক উন্নত দেশে ৩০/৩৫ শতাংশের বেশি যাত্রী ও পণ্য রেলপথে পরিবহন করা হয়। সেখানে বাংলাদেশে মাত্র ২ শতাংশ পণ্য রেলপথে পরিবহনের সুযোগ রয়েছে। রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের এ সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এজন্য সড়ক, নৌ ও রেল যোগাযোগ অবকাঠামো উন্নয়নের জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং সে অনুযায়ী রেলপথের উন্নয়নে কাজ করতে হবে। 

এজন্য সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। 

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও বাংলাদেশ রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।