সবচেয়ে বেশি দুর্নীতি হয় বিআরটিএ অফিসে: বিবিএস

Passenger Voice    |    ০৫:০৪ পিএম, ২০২৫-০৬-১৯


সবচেয়ে বেশি দুর্নীতি হয় বিআরটিএ অফিসে: বিবিএস

গত এক বছরে সরকারি সেবায় ৩১ দশমিক ৬৭ শতাংশ নাগরিক ঘুষ বা দুর্নীতির শিকার হয়েছেন। পুরুষদের ক্ষেত্রে এই হার ৩৮ দশমিক ৬২ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে ২২ দশমিক ৭১ শতাংশ। দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে বিআরটিএ এবং  দ্বিতীয় অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) ২০২৫’-এর প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

জরিপ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

জরিপে বলা হয়, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানসগুলোর মধ্যে নাগরিকদের সর্বাধিক ঘুষ-দুর্নীতির শিকার হওয়া প্রতিষ্ঠানগুলো যথাক্রমে বিআরটিএ (৬৩ দশমিক ২৯ শতাংশ), আইন প্রয়োগকারী সংস্থা (৬১ দশমিক ৯৪ শতাংশ), পাসপোর্ট অফিস (৫৭ দশমিক ৪৫ শতাংশ) ও ভূমি রেজিস্ট্রি অফিস (৫৪ দশমিক ৯২ শতাংশ)।

জরিপে আরও বলা হয়েছে, ৮৪ দশমিক ৮১ শতাংশ নাগরিক সন্ধ্যার পর নিজ এলাকার আশপাশে একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন। তবে এই নিরাপত্তাবোধে স্পষ্ট লিঙ্গভিত্তিক পার্থক্য দেখা যায়- পুরুষের ক্ষেত্রে এটি ৮৯ দশমিক ৫৩ শতাংশ হলেও নারীদের ক্ষেত্রে তা ৮০ দশমিক ৬৭ শতাংশ। রাজনৈতিক প্রভাব বিষয়ে ২৭ দশমিক ২৪ শতাংশ নাগরিক মনে করেন, তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত প্রকাশ করতে পারেন। 

গত ৬ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৫ হাজার ৮৮৮ টি খানার ওপর এই জরিপটি করা হয়েছে।