শিরোনাম
Passenger Voice | ১২:০৮ পিএম, ২০২৫-০৬-১৮
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ইজারা বাতিল ও করিডর ষড়যন্ত্র রুখতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নগরের মোমিন রোড এলাকায় জরুরি সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
সম্মেলনে বক্তারা এ সিদ্ধান্তকে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন এবং সিদ্ধান্ত বাতিলে শান্তিপূর্ণ গণ-আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘গত বছরের ৫ আগস্ট গণ-আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। কিন্তু দুঃখজনকভাবে এনসিটি ইজারার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার সেই প্রত্যাশা উপেক্ষা করছে।’
সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, চট্টগ্রাম স্কপের যুগ্ম সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন, শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার নেতা মহিন উদ্দিন, বিএফটিইউসির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ এবং বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক বাউ আহাম্মদ ভূঁইয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘এনসিটি হচ্ছে দেশের সবচেয়ে আধুনিক ও কৌশলগত কনটেইনার টার্মিনাল, যা সম্পূর্ণভাবে বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এবং বর্তমানে শতভাগ বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এনসিটি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিলে দেশের ৪৫ শতাংশ কনটেইনার পরিচালনার ক্ষমতা বিদেশিদের হাতে চলে যাবে, যা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ।’
তারা আরও বলেন, ‘পতেঙ্গা টার্মিনাল ইতোমধ্যেই সৌদি আরবের রেড সি গেটওয়ের হাতে ইজারা দেওয়ার পর কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বরং টার্মিনালটির সক্ষমতার ১০-১২ শতাংশও ব্যবহার হচ্ছে না। এনসিটির ক্ষেত্রেও একই পরিণতি আশঙ্কা করা হচ্ছে।’
করিডর প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, ‘রাখাইনে মানবিক সাহায্যের নামে করিডর দেওয়ার গুঞ্জনে বাংলাদেশ বড় ধরনের ভূ-রাজনৈতিকসংকটে জড়িয়ে পড়তে পারে। প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাদের পরস্পরবিরোধী বক্তব্যে জনমনে আরও বিভ্রান্তি তৈরি হয়েছে।’
এ সময় এনসিটি ইজারা বাতিল, পতেঙ্গা টার্মিনালের কার্যকারিতা মূল্যায়ন, করিডর পরিকল্পনা পরিহার এবং কৌশলগত বিষয়ে শ্রমিক ও জনগণের মতামতকে প্রাধান্য দেওয়ার দাবি জানান।
সম্মেলনে কিছু কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এর মধ্যে রয়েছে, আগামী ২০ থেকে ২৬ জুন পর্যন্ত বন্দর সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়, ৩০ জুন চট্টগ্রাম বন্দর গেটে শান্তিপূর্ণ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত