শিরোনাম
Passenger Voice | ১১:৩৮ এএম, ২০২৫-০৬-০৫
নানা ঝক্কি ঝামেলা, দুর্ভোগ, যানজট, রোদ-বৃষ্টি ও প্রচণ্ড গরম উপেক্ষা করে নাড়ির টানে গাজীপুর ছেড়ে যাচ্ছেন লাখো মানুষ। এবারও ঈদে পোশাক শ্রমিকরা ১০ দিনেরও বেশি ছুটি পেয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটছেন গ্রামে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট না থাকলেও গাড়ি চলছে ধীর গতিতে।
জানা গেছে, গাজীপুরের দুই হাজারেরও বেশি কারখানা আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুরের মধ্যে ছুটি হয়ে যাবে। এর আগে ধাপে ধাপে তিনদিন এসব কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
বুধবার বিকেলে যেসব কারখানা ছুটি হয়েছে সেসব কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার ভোর থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। এর ফলে মহাসড়কে যাত্রীদের চাপ বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপও বাড়ে কয়েকগুণ। এর ফলে মহাসড়কে যাত্রী ও যানবাহনের জটলা বেড়েছে। ট্রাক ও পিকআপে করে ঝুঁকি নিয়ে অনেকে গন্তব্যে যাচ্ছেন।
এদিকে সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত গাজীপুরমুখী লেনে গাড়ির প্রচণ্ড চাপ রয়েছে। যানবাহন চলছে ধীর গতিতে। পথে যাত্রী ওঠা-নামা করার কারণে অনেক সময় যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, যত দ্রুত সম্ভব যাত্রীবাহী যানবাহনগুলোকে গাজীপুর পার করে দেওয়া হচ্ছে। যানজট না থাকলেও সড়কে যানবাহন বেশি থাকায় যানবাহন চলছে ধীর গতিতে।
বৃহস্পতিবার সকাল থেকে চন্দ্রা মোড় এলাকায় ঘরমুখো মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যারা উত্তরাঞ্চলের জেলাগুলোত ঈদ উদযাপন করতে যাবেন তারা সকাল থেকে চন্দ্রা মোড়ে ভিড় করেন। বিপুল পরিমাণ যানবাহন আর যাত্রীদের চাপে জটলার তৈরি হয়। চন্দ্র মোড় থেকে মৌচাক পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এসময় যানবাহন চলে খুবই ধীর গতিতে।
সালনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাতুল আলম বলেন, রাস্তায় যাত্রী ও যানবাহনের চাপ থাকায় খুব ধীর গতিতে যানবাহন চলছে। তবে উল্লেখ করার মতো যানজট নেই। বিকেলে দিকে বিভিন্ন কারখানা ছুটি হলে যানবাহনের চাপ আরও বাড়তে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত