শিরোনাম
Passenger Voice | ০২:৪০ পিএম, ২০২৫-০৬-০৪
পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন। এই ঈদের প্রধান কাজ কোরবানি বা পশু জবাই করা। একদিকে পশুর হাটগুলোতো আসতে শুরু করেছে গরু, মহিষ, খাশি ইত্যাদি। অন্যদিকে, স্বাভাবিক লেনদেনের শেষ দিন আজ। সেকারণে ব্যাংক-বুথে টাকা তোলার জন্য গ্রাহকদের ভিড় বেড়েছে।
আগামীকাল থেকে টানা ১০ দিনের ছুটি পড়ছে। ব্যাংক লেনদেনের শেষ দিন হওয়ায় ঈদের ছুটির আগে ব্যাংক-বুথে টাকা তোলার জন্য গ্রাহকদের হিড়িক পড়ে গেছে।
প্রায় প্রতিটি শাখাতেই চোখে পড়ার মতো গ্রাহকদের উপস্থিতি রয়েছে। জমা দেওয়ার চেয়ে উত্তোলন বেশি গ্রাহকদের। একইভাবে টাকা তুলতে দেখা গেছে এটিএম বুথগুলোতেও। বুধবার (৪ জুন) রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকাল থেকেই ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় দেখা যায়, ঈদকে কেন্দ্র করে বেড়েছে গ্রাহকের চাপ। কেউ অগ্রিম টাকা তুলছেন আবার কেউ নিজের সঞ্চয় ভাঙছেন। তবে গ্রাহকদের বাড়তি চাপকে সামাল দিতে আগে থেকেই সেবার পরিসর বাড়িয়ে রেখেছিলেন অধিকাংশ ব্যাংক।
টাকা তুলতে সোনালী ব্যাংকে এসেছেন গ্রাহক আসাদ। তিনি বলেন, আমার ছোট একটা প্রতিষ্ঠান আছে যেখানে ২০/২৫জন মানুষের কর্মসংস্থান। তাদের বোনাস আগেই হয়েছে, আজ বেতন দিতে হবে আজ। আবার গরু কেনাও হয়নি। এসব মিলে কিছু টাকা প্রয়োজনে ব্যাংকে এসেছি।
শফিকুল ইসলাম নামে অগ্রণী ব্যাংকের এক গ্রাহক জানান, ঈদের আগে সালামি দিতে হবে নাতনিদের। গরু কেনাসহ নানান খরচ আছে। এজন কিছু নগদ টাকার প্রয়োজন, তাই ব্যাংকে এসেছি। এসে দেখছি আমার মতো আরও অনেকেই এসেছেন।
সাব্বির আহমেদ নামে এক গ্রাহক বলেন, অ্যাকাউন্টে ঈদ বোনাসসহ বেতন এসেছে। গ্রামে পরিবার-পরিজনদের জন্য টাকা পাঠাতে হবে। সেখানে বাবা-মা আছেন, তাদের কেনাকাটা আছে। সব মিলিয়ে প্রয়োজনে ব্যাংকের আসা, বলছিলেন তিনি।
এ নিয়ে কথা হয় সোনালী ব্যাংক কর্মকর্তা পারভেজের সঙ্গে। তিনি বলেন, সাধারণত উৎসবকে কেন্দ্র করে টাকার প্রয়োজন হয় সবার। কারো প্রয়োজন শপিংয়ে আবার কারো পশুর বাজারে কোরবানির পশু কেনবার জন্য। কেউ কেউ গ্রামের বাড়িতে যাওয়ার জন্য টাকার প্রয়োজন। অনেকেই নিজ প্রতিষ্ঠানের বেতন-ভাতা পরিশোধ করবেন। এতে ব্যাংকে শেষ কর্মদিবসে গ্রাহকের উপস্থিতি বাড়বে এটা ধরে নিয়েই আমরা আমাদের কাজে গিয়ে নিয়েছি। এ নিয়ে পূর্ব প্রস্তুতি ছিল এজন্য কোন ভোগান্তিতে পড়তে হয়নি গ্রাহকদের।
অগ্রণী ব্যাংক কর্মকর্তা মাহবুব বলেন, প্রতি বছরই ঈদের আগে শেষ কর্মদিবসে গ্রাহক বেশি বেশি টাকা উত্তোলন করেন। জমার চেয়ে তাদের উত্তোলন বেশি হওয়ায় ব্যাংকেরও পূর্ব প্রস্তুতি থাকে। আজ সকাল থেকেই গ্রাহক উপস্থিতি রয়েছে। আমরাও চেষ্টা করছি গ্রাহকদের সর্বোচ্চ সেবাটি দিতে।
দেশে আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহার ছুটি শুরু আগামীকাল ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। ছুটি শেষ হবে ১৪ জুন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত