শিরোনাম
Passenger Voice | ১২:২০ পিএম, ২০২৫-০৫-৩১
পবিত্র ঈদুল আজহার বাকি ছয় দিন। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা হয়েছে। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছেন রাজধানীবাসী। শুক্রবার (৩০ মে) রাজধানীর সায়েদাবাদ, গাবতলী ও কল্যাণপুর আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে এই দৃশ্য দেখা গেছে। এ সময় যাত্রীরা সড়কপথে জলজট ও যানজটসহ নানা ভোগান্তির কথা জানান।
এর মধ্যে শুক্রবার বাসে সিলেটের বিশ্বনাথ উপজেলায় গেছেন সংগীতিশল্পী সাহিদা আক্তার সুরভী। তিনি জানান, সকাল ৭টার দিকে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল থেকে রওনা হন। ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে ভুলতা অংশ, পরে ভৈরবের দুর্জয় মোড়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে শাহবাজপুরের তিতাস ব্রিজ অংশে যানজটে পড়েন।
সাহিদা আক্তার নামে আরেক বাসযাত্রী বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্ত করার প্রকল্প চলছে। এ কারণে সড়কে এত বেশি খোঁড়াখুঁড়ি করা হয়েছে, যে মূল সড়কের খুব কম অংশই যান চলাচলের উপযোগী রয়েছে। ঈদের মৌসুমে এমনি বাসের চাপ বেশি। তার ওপর সড়কে ছোটখাটো যানবাহনের অভাব নেই। এর মধ্যে খোঁড়াখুঁড়ির কারণে সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। এ কারণে যানবাহনের গতি ধীর হয়ে যায়। সব মিলিয়ে ৯ ঘণ্টায় লামাকাজী এসেছি। অথচ অন্য সময় ঢাকা থেকে লামাকাজী আসতে বড়জোর ৬ ঘণ্টা লাগত।’
গাইবান্ধার আরিফুল ইসলাম শাওনের সঙ্গে কথা হয় হোয়াটস অ্যাপে। তিনি জানান, আশুলিয়ার বাইপাইল এলাকায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস প্রকল্পের কাজ চলমান থাকায় সেখানে বাস চলেছে ধীরগতিতে। গতকাল সকালে ঢাকার গাবতলী থেকে ছেড়ে যাওয়া বাসগুলো পল্লী বিদ্যুৎ এলাকায় ৯টার পর পৌঁছালেও সেখান থেকে যানজটে পড়ে। এরপর যানজট ঠেলে বাইপাইল, ইপিজেড হয়ে শ্রীপুর পর্যন্ত পৌঁছাতে সময় লেগে যায় সাড়ে ১১টা।
হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, ঈদের আগে সড়কের কিছু অংশে ব্যাপক যানজটের আশঙ্কা আছে। কল্যাণপুরে রাস্তার কাজ করছে, এ কারণে গাবতলী থেকে কল্যাণপুরে গাড়ি আসতে কয়েক ঘণ্টা লেগে যায়। এদিকে গাড়ি আসতে দেরি হওয়ায় যাত্রীরা বিরক্ত হন। আর সাভার বাইপাইলের জ্যাম তো আছেই। ১ জুনের পর রাস্তার কাজ বন্ধ রাখতে হবে। আর যেসব জায়গায় যে ভাঙাচোরা আছে, সেগুলো মেরামত করে দিলে যান চলাচল কিছুটা স্বাভাবিক থাকবে। না হলে এবারও চরম ভোগান্তি হবে যাত্রীদের।
এদিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়, আসন্ন ঈদুল আজহায় সড়ক ও মহাসড়কে ১৪৯টি স্পট চিহ্নিত করেছে হাইওয়ে ও জেলা পুলিশ। এসব পয়েন্টে বাড়তি নজরদারি নিতে ইতোমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসড়কের যেসব পয়েন্টে যানজট তীব্র হতে পারে বলে চালকরা ধারণা করছেন, সেসব এলাকা এড়িয়ে চলতে বিকল্প সড়ক ব্যবহার করতে চালকদের উৎসাহ দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, এবার ঈদযাত্রায় সড়কের উভয় পাশ থেকে অস্থায়ী ও ভাসমান বাজার অপসারণ করা হবে। নসিমন, করিমন, ইজিবাইক, ইত্যাদি থ্রি-হুইলার পরিবহন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ করা হবে। এ ছাড়া ঈদযাত্রা উপলক্ষে আগামী বৃহস্পতিবার থেকে আব্দুল্লাহপুর থেকে ধউর-আশুলিয়া সড়ক একমুখী করা হবে। বিআরটি লেন দিয়ে শুধু ঢাকা থেকে বের হওয়া যাবে। তা ছাড়া রাজধানীর প্রশস্ত রাস্তা বা এলাকা থেকে অস্থায়ী আন্তজেলা বাস সার্ভিস পরিচালনা করা হবে এবার। টঙ্গীর ইজতেমা মাঠ, ৩০০ ফুট সড়ক, মাদানী অ্যাভিনিউ, উত্তরা সেক্টর-১৬-এর বউবাজার থেকে দূরপাল্লার বাস ছাড়বে বলে পরিকল্পনা করা হয়েছে।
সূত্র আরও জানায়, ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন সড়ক মহাসড়কে কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। ঢাকার সায়েদাবাদ, মহাখালী, গাবতলী ও ফুলবাড়িয়া বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ, ডিএমপি, সিটি করপোরেশন এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধির সমন্বয়ে পৃথক ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিম গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত