শিরোনাম
Passenger Voice | ০৪:২৯ পিএম, ২০২৫-০৫-২৯
নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান ব্যাংক নোট আগামী ১ জুন বাজারে ছাড়া হবে। গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নোটগুলো প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসব মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।
নতুন ডিজাইনের এই নোটগুলোতে শেখ মুজিবের ছবি থাকছে না। পর্যায়ক্রমে অন্যান্য মূল্যমানের নোট থেকেও শেখ মুজিবের ছবি সরিয়ে নতুন ডিজাইন প্রবর্তনের পরিকল্পনা রয়েছে। এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
এছাড়া মুদ্রা সংগ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০ ও ২০ টাকার নমুনা (স্পেসিমেন) নোটও মুদ্রণ করেছে, যা বিনিময়যোগ্য নয়। সংগ্রাহকেরা নির্ধারিত মূল্যে এসব নমুনা নোট মিরপুরে অবস্থিত টাকা জাদুঘর থেকে সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে দেশের মুদ্রানীতিতে এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে ডিজাইনে আধুনিকতা আনার পাশাপাশি জাতীয় ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত