মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, গ্রেপ্তার ২

Passenger Voice    |    ০৪:০৮ পিএম, ২০২৫-০৫-২৪


মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় আব্বাস মিয়া ও সেন্টু মিয়া নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের একজনের বাড়ি নাসিরনগর উপজেলা সদরের কামারগাঁ এলাকায় ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে।

এ ঘটনায় অজ্ঞাত ১৩ থেকে ১৪ জনকে আসামি করে থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

এর আগে বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্সে হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। তারা অ্যাম্বুলেন্স আরোহীদের মারপিট করে নগদ টাকা ও মোবাইল নিয়ে নেয়। অভিযোগ ওঠে, ডাকাতরা মরদেহেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

তবে মরদেহে আঘাতের বিষয়টির প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, ডাকাতির ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।