ঈদুল আজহায় যানজট নিরসনে একগুচ্ছ নির্দেশনা

Passenger Voice    |    ০৫:৩২ পিএম, ২০২৫-০৫-১২


ঈদুল আজহায় যানজট নিরসনে একগুচ্ছ নির্দেশনা

আসন্ন ঈদুল আজহায় সড়ক ও মহাসড়কে ১৪৯টি স্পট চিহ্নিত করেছে হাইওয়ে ও জেলা পুলিশ। এবার রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ এসব সড়কে যানজট নিরসনে একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। 

এতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণায়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন, সেতু সচিব আবদুর রউফ, রেলপথ সচিব ফাহিমুল ইসলাম, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এহছানুল হক উপস্থিত ছিলেন।

সভায় বলা হয়, ঈদযাত্রায় যানজটের ১৪৯টি স্পট চিহ্নিত করেছে হাইওয়ে ও জেলা পুলিশ।  এগুলোর  মধ্যে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৪৯টি, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ৫৪টি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়টি, ঢাকা-সিলেট মহাসড়কের ৪২টি, ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কের আটটি স্পট রয়েছে।

ঈদযাত্রায় যানজট প্রবণ এসব এলাকা এড়িয়ে চলতে  বিকল্প সড়ক ব্যবহারে চালকদের উৎসাহ দেওয়া হবে। 

সভায় বাংলাদেশ পুলিশ ও স্থানীয় সরকার বিভাগকে বলা হয়, সড়কের উভয় পাশে অস্থায়ী ও ভাসমান বাজার অপসারণ করতে হবে। নসিমন, করিমন, ইজিবাইক, ইত্যাদি থ্রি-হুইলার পরিবহন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ করতে হবে। 

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তাদের বলা হয়, জাতীয় মহাসড়ক ও গুরুত্বপূর্ণ করিডোর- ঢাকা বাইপাস (মদনপুর-ভুলতা-ভোগড়া), নবীনগর-চন্দ্রা, ঢাকা-জয়দেবপুর-ময়মনসিংহ, ঢাকা-জয়দেবপুর, ঢাকা (ভোগড়া)-চন্দ্রা-এলেঙ্গা, এলেঙ্গা-হাটিকুমরুল-বগুড়া-রংপুর, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-গোপালগঞ্জ-খুলনা এবং ভাঙ্গা-বরিশাল করিডরে সড়ক মেরামত ও সংস্কারের কাজ ঈদের সাত দিন আগে শেষ করতে হবে। ঢাকার দুই সিটি করপোরেশনকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, সওজের আওতাধীন ৯টি সেতু ও মহাসড়কে যথাক্রমে কর্ণফুলী সেতু, মেঘনা সেতু, গোমতী সেতু, পায়রা সেতু, খান জাহান আলী (রূপসা) সেতু, চরসিন্দুর সেতু, শহীদ ময়েজউদ্দিন সেতু, আত্রাই টোল প্লাজা, নাটোর, লালন শাহ সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ইটিসি বুথ চালুর মাধ্যমে সার্বক্ষণিক টোল আদায় অব্যাহত রাখতে হবে। একইভাবে সেতু বিভাগের আওতাধীন পদ্মা সেতু, যমুনা সেতু ও কর্ণফুলী টানেলে ইটিসি বুথ সার্বক্ষণিক চালু রাখতে হবে। টোল প্লাজাগুলোতে পশুবাহী গাড়ির জন্য পৃথক লেনের ব্যবস্থা করা হবে।

ঈদুল আজহার এক সপ্তাহ আগে এমআরটি, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের পাশাপাশি ওয়াসা, ডেসকো, ডেসা, ডিপিডিসি, তিতাস ও টেলিফোন লাইন সংযোগের সব কাজ বন্ধ রাখা হবে। মেট্রোরেলের এমআরটি-১-এর ইউটিলিটি স্থানান্তরের কাজ ঈদের সাত দিন আগে শেষ করতে হবে। 

যানজট নিরসনে রাজধানীর কমলাপুর এলাকার টিটিপাড়া আন্ডারপাসসহ সড়কটি ২০ মে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এবার গাবতলী বাস টার্মিনালে একটি নতুন প্রবেশপথ উন্মুক্ত করা হবে। মহাখালী বাস টার্মিনাল থেকে বাসের সংখ্যা কমানো হবে। আবদুল্লাহপুর থেকে ধউর-আশুলিয়া সড়ক একমুখী করা হবে। বিআরটি লেন দিয়ে শুধু ঢাকা থেকে বের হওয়া যাবে। 

রাজধানীর প্রশস্ত রাস্তা বা এলাকা থেকে অস্থায়ী আন্তঃজেলা বাস সার্ভিস পরিচালনা করা হবে এবার। টঙ্গীর ইজতেমা মাঠ, ৩০০ ফুট সড়ক, মাদানী অ্যাভিনিউ, উত্তরা সেক্টর-১৬-এর বৌ বাজার থেকে দূরপাল্লার বাস ছাড়বে বলে পরিকল্পনা করা হয়েছে।

মোটরযানে অতিরিক্ত ভাড়া দাবী আদায় বন্ধ করতে পরিবহন মালিকদের কড়া বার্তা দেওয়া হয় এ সভায়। লক্কড়-ঝক্কড়, ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধ করতে ঈদের ১০ দিন আগে থেকে মেরামত কারখানাগুলোতে (ওয়ার্কশপ) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হবে।