শিরোনাম
Passenger Voice | ০১:৩৪ পিএম, ২০২৫-০৫-১০
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও ২ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার দেওপাড়া গ্রামের আব্দুর রহমানের স্ত্রী জমিলা সুলতানা ইনু (২১) ও তার মেয়ে ফাতেমা আক্তার (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ছেড়ে আসে। যাত্রাপথে সিএনজিটি নোয়াখালীর চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী মা-মেয়ের মৃত্যু হয়। এতে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ আরও দুই জন গুরুতর আহত হন। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রাখা আছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত