শিরোনাম
Passenger Voice | ০৪:৫৭ পিএম, ২০২৫-০৫-০৭
রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে আরএনবি সদস্যদের ট্রেনের ডিউটি (এস্কর্ট ডিউটি) বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন মহাব্যবস্থাপক (জিএম-পূর্ব)। এসব আরএনবি সদস্য যাত্রী নিরাপত্তায় গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া প্রত্যেক ট্রেনে দায়িত্ব পালন করে আসছিলেন।
তবে রেলের জিএম (পূর্ব) জানিয়েছেন, আরএনবি সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাদের ট্রেনের ডিউটি বাতিল করা হয়েছে।
সোমবার (৫ মে) রেলওয়ে পূর্বাঞ্চলের সকল ট্রেনে আরএনবি সদস্যরা এস্কর্ট ডিউটি পালন করেননি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলস্টেশনের আরএনবির সিআই আমান উল্লাহ আমান।
এর আগে রোববার চিফ কমান্ড্যান্ট (পূর্ব) বরাবরে এক কন্ট্রোল আদেশে জিএম (পূর্ব) মো. সবুক্তগীন জানান, গত ২০/৪/২৫ খ্রিস্টাব্দে এ মর্মে আদেশ প্রদান করা হয় যে, নির্দেশনা মোতাবেক যেসব ট্রেনে আরএনবি এস্কর্ট বুক করার বিধান নেই, সে সকল ট্রেনে আরএনবি এস্কর্ট বুক করা যাবে না। কিন্তু উক্ত নির্দেশ অমান্য করে ট্রেনসমূহে আরএনবি এস্কর্ট বুক করা হচ্ছে। এ বিষয়ে আরএনবির চিফ কমান্ড্যান্টকে (পূর্ব) আগামী তিন কার্যদিবসের মধ্যে জিএম (পূর্ব) বরাবরে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হল।
জানা গেছে, গত ২০ এপ্রিল আরএনবির অস্ত্র শাখার চিফ ইন্সপেক্টর বিভিন্ন ট্রেনে এস্কর্ট ডিউটি পালনে লোকবল সংকটের বিষয়টি উল্লেখ করে নতুন লোকবলের নিয়োগের বিষয়ে কমান্ড্যান্ট বরাবরে চিঠি দেন। চিঠি বিপরীতে জিএমের সঙ্গে আলোচনা করে জেনারেল ও অস্ত্র শাখা সম্মিলিতভাবে ট্রেনে যাত্রী নিরাপত্তায় এস্কর্ট টিম এতদিন দায়িত্ব পালন করে আসছিল।
এদিকে রেলওয়ে জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, তাদের মোট জনবল সংখ্যা মাত্র ৬০ জন। এর মধ্যে এস্কর্ট ডিউটিতে প্রায় ১৫ জন সদস্য যান। স্বল্প সংখ্যক লোকবল নিয়ে তাদের কোনো রকমে চালাতে হচ্ছে।
আরএনবি সূত্রে জানা গেছে, তাদের চট্টগ্রাম বিভাগে আছে ১ হাজার ৪৮ জন। তারা রেলের দপ্তর, প্রতিষ্ঠান ছাড়াও প্লাটফর্ম ও জংশনগুলো দায়িত্ব পালন করে।
এ বিষয়ে জানতে চাইলে চিফ কমান্ড্যান্ট (পূর্ব) আশাবুল ইসলাম বলেন, ‘আমি অসুস্থ। রেল কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী, আমি বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়েছি।’
রেলের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন বলেন, ‘বাহিনী সদস্যদের সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর আপাতত ট্রেনে ডিউটি পালন বন্ধ রেখেছি। চিফ কমান্ড্যান্ট অসুস্থ থাকায় আলোচনা করা যায়নি। তবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত