শিরোনাম
Passenger Voice | ০৪:১৭ পিএম, ২০২৫-০৪-৩০
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের ‘স্পেশাল ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইন’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
ক্যাম্পেইন চলা সময়ে ওয়ের্স্টান ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স প্রেরণকারীদের ডিজিটাল ড্রয়ের মাধ্যমে প্রতি সপ্তাহে তিনটি করে মোট ১২টি ফ্রিজার উপহার প্রদান করা হবে।
এ ছাড়া শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট থেকে ৫০ হাজার রেমিট্যান্স সুবিধাভোগীকে ব্যাকপ্যাক প্রদান করা হবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মো. মাকসুদুর রহমান।
স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ওভারসীস ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন।
ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
মো. ওমর ফারুক খান তার বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা আরও বেড়ে গেছে এবং ইসলামী ব্যাংক তার আগের অবস্থানে ফিরে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের আহরিত রেমিট্যান্সের এক চতুর্থাংশ আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ সফলতায় ওয়েস্টার্ন ইউনিয়নও অংশীদার। ২০১২ সাল থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন ইসলামী ব্যাংকের সাথে রেমিট্যান্স সংগ্রহে কাজ করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এ বছর ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহের লক্ষ্য রেখে সব শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটকে সর্বোত্তম সেবা দেওয়ার আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত