চলতি বছরে উদ্বোধন হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

Passenger Voice    |    ১১:৫১ এএম, ২০২৫-০৪-১৭


চলতি বছরে উদ্বোধন হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

সেতুটির ৯৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আর যান চলাচলের জন্য চলতি বছরের দ্বিতীয়ার্ধে খুলে দেয়া হবে। চীনের অবকাঠামোগত শক্তির আরেকটি নজিরবিহীন নিদর্শন হতে যাচ্ছে সেতুটি।

বিশ্বের সবচেয়ে উঁচু সেতু এবার চীনে। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ‘হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ’ নামের সেতুটি। নদীপৃষ্ঠ থেকে এর উচ্চতা ২ হাজার ৫১ ফুট, যা বর্তমানের সবচেয়ে উঁচু সেতুর খেতাবধারী ফ্রান্সের মিলাউ ভায়াডাক্ট সেতুর চেয়ে প্রায় ৯৫০ ফুট উঁচু। চলতি বছরের দ্বিতীয়ার্ধে উদ্বোধন করা হবে অনন্য এ প্রকৌশল কীর্তি।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য প্রদেশ গুইঝৌয় অবস্থিত সেতুটি তৈরি হয়েছে গিরিখাত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়নের ওপর, যাকে স্থানীয়ভাবে ‘পৃথিবীর ফাটল’ (আর্থ ক্র্যাক) বলা হয়। দুর্গম ও জটিল ভূপ্রাকৃতিক এলাকায় তৈরি এ সেতু কেবল রেকর্ডই গড়ছে না, বরং অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থায় আনবে আমূল পরিবর্তন। আগে যেখানে গিরিখাতটি অতিক্রম করতে দুই ঘণ্টা সময় লাগত, সেখানে এখন তা মাত্র এক মিনিটে পার হওয়া যাবে।

২০২২ সালের ১৮ জানুয়ারি নির্মাণকাজ শুরু হওয়া এই ইস্পাত কাঠামোর ট্রাস সাসপেনশন সেতুটির মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৮২ ফুট। এর স্টিলের ট্রাসগুলোর (ত্রিভুজাকৃতির কাঠামো) মোট ওজন প্রায় ২২ হাজার টনের মতো, যা প্রায় তিনটি আইফেল টাওয়ারের ওজনের সমান। গুইঝৌর স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেতুর নির্মাণ কাজ ৩০ জুন শেষ হবে বলে আশা করা হচ্ছে।

গুইঝৌ হাইওয়ে গ্রুপের প্রধান প্রকৌশলী ঝাং শেংলিন বলেন, সেতুটির ৯৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আর যান চলাচলের জন্য চলতি বছরের দ্বিতীয়ার্ধে খুলে দেয়া হবে। চীনের অবকাঠামোগত শক্তির আরেকটি নজিরবিহীন নিদর্শন হতে যাচ্ছে সেতুটি।

উল্লেখ্য, বিশ্বের শীর্ষ ১০০ উঁচু সেতুর প্রায় অর্ধেকই বর্তমানে গুইঝৌ প্রদেশে অবস্থিত।