যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, ৪ বাস কাউন্টারকে জরিমানা

Passenger Voice    |    ০৩:২৮ পিএম, ২০২৫-০৪-১১


যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, ৪ বাস কাউন্টারকে জরিমানা

যেখানে সেখানে বাস দাঁড় করে রাখা, নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামানো করায় সিরাজগঞ্জে দূরপাল্লার চারটি বাস কাউন্টারকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

যানজট নিরসনে শুক্রবার (১১ এপ্রিল) দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে নিউ ঢাকা রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

জরিমানাপ্রাপ্ত কাউন্টারগুলো হলো- নিউ ঢাকা রোডের এসআই এন্টারপ্রাইজ, সেবা লাইন, অভি এন্টারপ্রাইজ ও এস ট্রাভেলস কাউন্টার।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু জানান, জেলা শহরের বাজার স্টেশন এলাকাকে যানজটমুক্ত রাখতে এ অভিযান চালানো হয়। এ সময় যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখা ও যাত্রী ওঠা-নামানোর দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক অভি ও এসআই এন্টারপ্রাইজের কাউন্টারকে তিন হাজার করে ছয় হাজার টাকা এবং এস ট্রাভেলস ও সেবা লাইনের কাউন্টারকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।