চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকার সোনা জব্দ

Passenger Voice    |    ১২:২৯ পিএম, ২০২৫-০৪-০৯


চট্টগ্রাম বিমানবন্দরে কোটি টাকার সোনা জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা যাত্রীর লাগেজ তল্লাশি করে ১ কোটি ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দ করা হয়েছে। 

সোমবার (৭ এপ্রিল) সকালে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট জি নাইন-৫২৬ যোগে বিমানবন্দরে অবতরণ করেন মোহাম্মদ মোকসুদ আহমেদ। তার লাগেজ থেকেই এসব স্বর্ণ জব্দ করা হয়। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আব্দুল খালেকের পুত্র।

তার সঙ্গে থাকা স্বর্ণ কাস্টমসে ডিক্লেয়ার না করে ব্যাগেজ গ্রিন চ্যানেল পার হওয়ার সময় বিমানবাহিনী টাস্কফোর্স ও এনএসআই প্রতিনিধি তাকে চ্যালেঞ্জ করেন। অভিনব কায়দায় ব্যাগের চ্যানেলের ভেতর হাতঘড়ির চেইন আকারে মোবাইলের অ্যাডাপ্টারের ভেতরে এবং এয়ারপডের ভেতরে লুকায়িত অবস্থায় বিভিন্ন আকারে স্বর্ণপিণ্ড, স্বর্ণবার পাওয়া যায়। 

জব্দ স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (জনসংযোগ) কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, অভিযুক্ত যাত্রী অভিনব কায়দায় তার ব্যাগেজের হ্যান্ডেলের চ্যানেলে স্বর্ণ বহন করছিলেন। জব্দের পর স্বর্ণগুলো  ডি এম মূলে কাস্টমসে জমা দেওয়া হয়েছে।