চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুর বিআরটিএতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

Passenger Voice    |    ১০:৫৩ এএম, ২০২৫-০৩-২৫


চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুর বিআরটিএতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁদপুর জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) কামরুজ্জামানের দিক নির্দেশনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিকভাবে প্রতি মাসে অনুষ্ঠিত হচ্ছে। 

২৪ মার্চ (সোমবার) ষোলঘর আর্দশ উচ্চ বিদ্যালয় চাঁদপুর বিআরটিএ’তে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় পেশাদার চালকদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়। 

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ চাঁদপুর জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) কামরুজ্জামান, মোটরযান পরিদর্শক মোঃ আলাউদ্দিন, চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ মাহফুজ মিয়াসহ অন্যান্যরা।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, শব্দদূষণ, শীতকালে কুয়াশায় সতর্কতার সাথে গাড়ি চালানো, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের সম্মানী প্রদান করা হয়। এবারের প্রশিক্ষণে সর্বমোট ৪৪ জন পেশাদার গাড়িচালক প্রশিক্ষণ গ্রহণ করেন।

এসময় প্রশিক্ষণ প্রদানকালে সহকারী পরিচালক (ইঞ্জিঃ) কামরুজ্জামান বলেন, দক্ষ চালক তৈরীতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। চালকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও মানবিক চালক হিসাবে গড়ে তুলতে বিআরটিএ’র পক্ষ থেকে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না। একটানা গাড়ী চালাবেন না। ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন। অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করবেন না। গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।