ইনশাআল্লা আমরা উইন করমু: সিলেট বিমানবন্দরে হামজা

Passenger Voice    |    ০১:১৪ পিএম, ২০২৫-০৩-১৭


ইনশাআল্লা আমরা উইন করমু: সিলেট বিমানবন্দরে হামজা

ব্যাপক অব্যবস্থাপনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বরণ করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে।

এ সময় সংবাদকর্মী, হামজা চৌধুরীর ভক্ত, পুলিশ প্রশাসনের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা যায়। একদিকে হামজার চেহারা আগে টিভিতে দেখানোর প্রতিযোগিতায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইটি গেটে অবস্থান নেন সাংবাদিকরা, অন্যদিকে হামজার ভক্ত-সর্মথকরা ফুল নিয়ে অবস্থান করেন। এই দুই দলের ধাক্কাধাক্কিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমসিম খেতে হয়ে পুলিশ বাহিনীকে।

সোমবার (১৭ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমান। হামজার সঙ্গে স্ত্রী, সন্তান, মা, ভাইসহ ৯ জনের একটি গ্রুপ এসেছে।

বাফুফের সদস্য মঞ্জুরুল করিম সাংবাদিকদের জানান, লাগেজ রিসিভ করতে বিলম্ব হওয়ায় তিনি বের হতে পারছেন না। পরে বেলা সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইটি গেটে এসে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন।

এ সময় 'হামজা' 'হামজা' স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণ।

এ সময় হামজা সিলেটি ভাষায় বলেন, ‘ইনশাআল্লা আমরা উইন করমু।’

ফুটবলার হামজার পৈতৃক নিবাস সিলেটের হবিগঞ্জে। বাংলাদেশের হয়ে ম্যাচ খেলতে হামজা লন্ডন থেকে সরাসরি সিলেট আসছেন। তাকে বরণ করে নিতে সকাল থেকেই ফুলের তোড়া হাতে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন মানুষজন। পরে বিমানবন্দর থেকে ছাদখোলা গাড়ি দিয়ে তিনি হবিগঞ্জে যান।