শিরোনাম
Passenger Voice | ০৩:৩১ পিএম, ২০২৫-০৩-১৩
২০২৫ সালের নিবন্ধন সনদ নবায়ন আবেদন দাখিল না করায় বায়রা লাইফ ইন্স্যুরেন্স এবং গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সকে যথাযথ প্রমাণকসহ ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। তবে ব্যাখ্যা প্রদানের জন্য কোম্পানি দু’টিকে কোন সময়সীমা বেধে দেয়া হয়নি।
কর্তৃপক্ষের পরিচালক আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি গত ৫ মার্চ গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সকে এবং ৬ মার্চ বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠানো হয়েছে।
আইডিআরএ বলছে, বীমা আইন, ২০১০ এর ৮ (১) ধারা অনুযায়ী বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতীত কেউ বীমা ব্যবসা সংক্রান্ত কোন কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং একই আইনের ১১ ধারার বিধান মোতাবেক বীমাকারিকে কোন বছরের নিবন্ধন নবায়নের আবেদন পূর্ববর্তী বছরের ৩০ নভেম্বরের পূর্বে, নিবন্ধন নবায়ন ফি (বিধি দ্বারা নিধারিত) প্রদানপূর্বক আবেদন করতে হয়।
কিন্তু বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সালের জন্য নিবন্ধন সনদ নবায়নের আবেদন অদ্যাবধি কর্তৃপক্ষ বরাবর দাখিল করেনি। নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা ব্যবসা পরিচালনা করা বীমা আইনের সুস্পষ্ট লংঘন যা আইনত দন্ডনীয়।
২০২৫ সালের নিবন্ধন সনদ নবায়ন না করে বীমা আইন, ২০১০ এর ৮ ধরার বিধান লংঘন করে বীমা ব্যবসা পরিচালনা করায় সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা যথাযথ প্রমানকসহ ব্যাখা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে আইডিআরএ’র চিঠিতে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত