চট্টগ্রামে কোচিংয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় ভাই-বোনসহ নিহত ৩

Passenger Voice    |    ০১:১৩ পিএম, ২০২৫-০৩-১৩


চট্টগ্রামে কোচিংয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় ভাই-বোনসহ নিহত ৩

কামরুল হাসানঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে পূরবী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহত দুই শিক্ষার্থী আপন ভাই-বোন। তারা দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বাজারে চট্টগ্রামমুখী বাসটি ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষার্থী ও রিকশাচালক মার যান। অপর এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দুর্ঘটনায় নিহতরা হলো- ওয়াকার উদ্দীন আদিল (১২), উম্মে হাবিবা রিজভী (১৬) এবং নুরুল আমিন (৪৫)। এদের মধ্যে আদিল ও রিজভী আপন ভাই-বোন। আদিল পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র এবং রিজভী নবম শ্রেণির ছাত্রী। তারা জামিরজুরি চেয়ারম্যান বাড়ির জসীমউদ্দীনের সন্তান। অন্যদিকে নুরুল আমিন দুর্ঘটনাকবলিত ওই ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি একই এলাকার চান গাজীর বাড়ির মৃত আমানত উল্লাহ’র ছেলে।

এদিকে আহত শিক্ষার্থীর নাম মোছা. তুসিন আক্তার (১৬)। সে চান গাজীর বাড়ির আব্দুল্লাহর মেয়ে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, সকালে অটোরিকশায় চড়ে কোচিংয়ে যাচ্ছিল তিন শিক্ষার্থী। পথে দোহাজারী বাজার এলাকায় অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয় পূরবী পরিবহন নামের একটি বাস। এতে ঘটনাস্থলে এক স্কুলশিক্ষার্থী ও রিকশাচালক নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরেক স্কুল শিক্ষার্থী মারা যায়। 

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরঞ্জন চাকমা প্যাসেঞ্জার ভয়েস'কে বলেন, বাসের চাপায় অটোরিকশাচালক ও দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে প্রথমে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এসময় তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।